নতুন মার্কিন ভিসানীতি ঘোষণা ব্লিংকেনের
সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য ও তাদের পরিবারের সদস্যরাও এর আওতাভুক্ত * সরকার চিন্তিত নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী * এই সিদ্ধান্ত ৩ মে সরকারকে জানানো হয় * পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আজ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনকে উৎসাহিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছে।
বাংলাদেশ সময় বুধবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন এই ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশের জন্য ঘোষিত নতুন নীতি অনুযায়ী, কেউ নির্বাচনি প্রক্রিয়ায় বাধা দিলে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না।
এর মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, সরকারপন্থি কিংবা বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র সরকার তার এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারকে গত ৩ মে অবহিত করেছে বলেও ব্লিংকেন তার বিবৃতিতে জানান।
নির্বাচনি প্রক্রিয়ায় বাধা বলতে ভোট কারচুপি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সভা-সমাবেশ করার অধিকারকে সহিংস উপায়ে বাধাদান, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধাদান এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ কিংবা মিডিয়াকে তাদের মতামত প্রকাশে বাধা দিতে কোনো পদক্ষেপ গ্রহণ করলেও তাদের ভিসা বন্ধ হবে।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার রাতে বলেছেন, ‘এটা কোনো স্যাংশন নয়। এ ব্যাপারে বিএনপির উদ্বিগ্ন হওয়া উচিত। নির্বাচনের আগে বা পরে যে কোনো প্রকার সহিংসতা ঘটালে সেটা তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।’ শাহরিয়ার আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই ভিসানীতি নিয়ে সরকার চিন্তিত নয়, কারণ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।’ এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও প্রতিমন্ত্রী জানান।
এদিকে বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ একজন বাংলাদেশি সাংবাদিককে ভার্চুয়াল সাক্ষাৎকার দেবেন। সাক্ষাৎকারটি যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে শেয়ার করবে। অপরদিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে এই বিষয়ে বিশেষ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্টনি ব্লিংকেন তার বিবৃতিতে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সবার দায়িত্ব। ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ এবং মিডিয়া-প্রত্যেকেরই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করার দায়িত্ব রয়েছে। আমাদের এই নীতি ঘোষণার মূল কারণ হলো বাংলাদেশের গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ব্লিংকেন আরও বলেন, ‘আজ, আমি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্টের ২১২(এ)(৩)(সি)(“৩সি”) সেকশনের অধীনে নতুন ভিসানীতি ঘোষণা করছি। বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে এই নীতি ঘোষণা করা হলো। এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র যদি কোনো বাংলাদেশি ব্যক্তি গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলে মনে করে, তবে তার বিরুদ্ধে ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারবে।
এই নীতি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। অন্য অনেকের সঙ্গে বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারী, সরকারের সমর্থক এবং বিরোধীদলীয় সদস্যরা এর অন্তর্ভুক্ত। এ ধরনের ব্যক্তিদের নিকটতম পরিবারের সদস্যরাও এর অন্তর্ভুক্ত থাকবে। এখনই এই নীতিমালার আওতায় কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই।
এই ভিসা বিধিনিষেধ সরকার বা আওয়ামী লীগের দিকে নির্দেশ করছে না। এই নতুন নীতির অধীনে বিধিনিষেধগুলো সংশ্লিষ্টতা নির্বিশেষে সেসব ব্যক্তিকে লক্ষ্য করে পরিচালিত, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন আচরণ কিংবা কর্মকাণ্ডে জড়িত।
এই ভিসানীতির আওতায় যাদের ভিসা প্রত্যাহার বা বাতিল করা হবে তাদের অবহিত করা একটি সাধারণ নীতি। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য। সেটা কেউ উচ্চ পর্যায়ের আদেশ পালনের জন্য কিংবা যিনি আদেশ দিয়েছেন তার উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। রাষ্ট্রদূত হাসের নিরাপত্তা হ্রাস করার সঙ্গে এই সিদ্ধান্তের কোনো যোগসূত্র নেই। হাসের নিরাপত্তা হ্রাস করা হয়েছে গত ১৪ মে। যুক্তরাষ্ট্র গত ৩ মে এই নীতিগত সিদ্ধান্তের কথা বাংলাদেশ সরকারকে অবহিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্র সর্বত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার অঙ্গীকার করেছেন। এই নীতিটি সেই প্রচেষ্টাকে এবং বাংলাদেশের জনগণকে সাহায্য করার জন্য প্রণীত হয়েছে, যাতে তারা তাদের নেতা বেছে নেওয়ার জন্য নির্বাচন করতে পারেন। মানবাধিকার লংঘনের দায়ে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নতুন ভিসানীতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে অবহিত করার পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্যাংশন প্রদানকারী দেশ থেকে কেনাকাটা বন্ধ করতে পারে বাংলাদেশ।
