জাতীয় সংসদ অধিবেশন
পাঠ্যবইয়ে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের সংসদ-সদস্য একরামুল বারী টিপু। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া নোটিশে তিনি এ দাবি জানান। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। নোটিশে বিএনপির এমপি একরামুল বারী টিপু বলেন, ১৯৮২ সালে স্বৈরশাসক এইচ এম এরশাদ গণতন্ত্র হরণ করার পর ৯ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে তাকে দায়িত্ব নিয়ে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।
একরামুল বারী টিপু বলেন, ১৭ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। ছয় বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার এসব অবদান জাতির সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্তি প্রয়োজন।
বাতিল হওয়া বিআরটি প্রকল্পকে তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা লোটার প্রকল্প বলে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ৭১ বিধিতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রকল্পটির ব্যয় বৃদ্ধি, অর্থ ব্যয়, নকশা প্রণয়ন, পরামর্শক নিয়োগ ও ঠিকাদারি কার্যক্রমের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী, আমলা, প্রকল্প কর্মকর্তা, পরামর্শক ও ঠিকাদারদের দায় নির্ধারণ এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে দায়ীদের অবিলম্বে গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত ও ক্ষতিপূরণ আদায়ে সরকারের নেওয়া কার্যক্রম জাতীয় সংসদকে জানাতে তিনি সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
