ডেঙ্গুতে প্রাণহানি ৫০০ ছাড়াল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গে আরও চার শিশু মারা গেছে। একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫০৯ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১৭৩ শিশুর। সরকারি হিসাবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে এক হাজার ৩১৮ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৫ হাজার ১১ শিশু। ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৪৯ হাজার ৫৬৯। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৫ হাজার ৪৪২ জন। এছাড়াও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে দুই লাখ ২২ হাজার ৯৪৪ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ১৩ হাজার ৮৭০ শিশু।
২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২০ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ৬৮ জন। এদিকে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৫৮ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৬৭৩ জন। বর্তমানে হাসপাতাল ভর্তি রয়েছেন ৫ হাজার ৬১৭ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৪ হাজার ১০৭ জন।
