জরিপ অধিদপ্তর
শূন্যপদ পূরণে নিয়োগবিধি চূড়ান্ত করার সুপারিশ
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগবিধি অকার্যকর থাকায় দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতি বন্ধ রয়েছে জরিপ অধিদপ্তরে। নতুন কর্মচারী নিয়োগ না হওয়ায় এবং পুরোনোরা অবসরে যাওয়ায় জনবল অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় সংসদীয় কমিটি রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুরুত্বপূর্ণ এই সংস্থার নিয়োগবিধি চূড়ান্ত করে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ আসে।
জানা গেছে, সাংগঠনিক কাঠামো অনুযায়ী জরিপ অধিদপ্তরের জনবল ৮৯৩ জন। এ ছাড়াও মাঠ পর্যায়ে এক হাজার ২০৫ জন মৌসুমি কর্মচারী রয়েছে। ১৯৮৫ সালের নিয়োগবিধি অকার্যকর থাকায় এবং সংশোধিত নিয়োগবিধি অনুমোদিত না হওয়ায় অধিদপ্তরের নিয়োগ ও পদোন্নতি বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। দীর্ঘদিন নতুন কর্মচারী নিয়োগ না হওয়ায় এবং পুরোনো কর্মচারী নিয়মিত অবসরে যাওয়ায় অধিদপ্তরের জনবল কমে ৪৬৪ জনে দাঁড়িয়েছে। মৌসুমি কর্মচারীও সিংহভাগ কমে ২০০ জনে নেমে এসেছে। ফলে নিয়মিত কর্মচারীর ৪২৯টি পদ শূন্য এবং মৌসুমি কর্মচারীর এক হাজারটি পদ শূন্য রয়েছে। এদিনের বৈঠকে বিষয়টি বিস্তারিত আলোচনা হয়। পরে কমিটি প্রস্তাবিত জরিপ অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২২ কার্যকর করার সুপারিশ করে। একই সঙ্গে তারা শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ করে। বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
