বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গ
খাদ্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতিতে ৭১ শতাংশ পরিবারে উদ্বেগ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়ছে, একই সঙ্গে বেড়েছে খাদ্যের মজুতও। তার পরও দেশে অন্য বছরের তুলনায় এবার খাদ্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। খাদ্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে দেশের ৭১ শতাংশ পরিবারই উদ্বেগের মধ্যে রয়েছে। সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ফুড সিকিউরিটি আপডেট’ শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বৈশ্বিক খাদ্য পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।
এতে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, বাংলাদেশে গত অর্থবছরে খাদ্যশস্য উৎপাদনের জন্য সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। অন্য খাদ্যসামগ্রীর মধ্যে (যেমন, সরিষা) নতুন রেকর্ড স্থাপন করেছে। এর পাশাপাশি সরকারি উদ্যোগে কৃষকের কাছ থেকে ধান চাল কিনে বাফার মজুত গড়ে তুলছে।
সরকারের খাদ্যগুদামে জুনে মজুত ছিল ১৭ লাখ ৬০ হাজার টন খাদ্যশস্য। ১০ ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫০ হাজার টনে। আলোচ্য সাড়ে ৫ মাসে খাদ্যশস্যের মজুদ বেড়েছে ৯০ হাজার টন। অন্যান্য কর্মসূচির আওতায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ১১ শতাংশ। তারপর বাংলাদেশে খাদ্যপণ্যের আমদানি বাড়ছে। তবে এখনো খাদ্যপণ্যের আমদানি ২০২১-২২ অর্থবছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কম রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমতে শুরু করেছে। এর মধ্যে অশস্য খাদ্যপণ্যের দাম ইতোমধ্যে ২০ শতাংশ কমেছে। দেশে উৎপাদিত চালের দাম অনেকাংশে স্থিতিশীল রয়েছে। এপ্রিল থেকে কমছে উন্নতমানের চালের দাম। তারপরও দেশে চালের দাম অন্য সময়ের তুলনায় অনেক বেশি।
দেশের বাজারে খাদ্যপণ্যের চাহিদার জোগান বাড়াতে ২০২২ সালের ১৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত চাল রপ্তানি বন্ধ রয়েছে। বিশেষ করে দেশে উৎপাদিত সুগন্ধি এবং অসুগন্ধি চাল রপ্তানি এখন বন্ধ।
প্রতিবেদনে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতির তথ্য দেওয়া হয়েছে। এতে দেখা যায় অক্টোবরে দেশে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১২ দশমিক ৬০ শতাংশ।
অনেক দেশে খাদ্য মূল্যস্ফীতির হার কমতে থাকলেও বাংলাদেশে এ হার কমেনি। বরং বেড়েছে। তবে নভেম্বরে এ হার কিছুটা কমেছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অক্টোবরের তুলনায় নভেম্বরে এ হার ১০ দশমিক ৭৬ শতাংশে নেমে এসেছে। গড়ে প্রায় ২ শতাংশের মতো কমেছে।
