Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের কোনো সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে এনসিপি তার প্রতিবাদ করবে। এ ধরনের ঘটনা সামনে এলে সংসদে ও রাজপথে কথা বলবে দলটি। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে। পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। আমরা এমন একটি দিন চাই, যেদিন নিরাপত্তা নিয়ে আমাদের আলাদাভাবে ভাবতে হবে না।

এনসিপির এ নেতা বলেন, রাজনৈতিক দল হিসাবে এনসিপি সবসময় ধর্মীয় উৎসবগুলোতে সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে। গণ-অভ্যুত্থানের পরও বিভিন্ন সময় পূজা-পার্বণে অংশগ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ও স্বেচ্ছাসেবামূলক কাজে সহযোগিতা করা হয়েছে।

নাহিদ ইসলাম জানান, দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য সারা দেশে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিজ নিজ সক্ষমতা অনুযায়ী তারা পূজা উদযাপনে পাশে থাকবেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিভিন্ন সময় দেশের ছোটোখাটো ঘটনাকে বড় করে উপস্থাপন করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়। এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংসদীয় স্থায়ী কমিটিতে আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনা পুলিশের ৮০ শতাংশ গাড়িই চলাচলের অযোগ্য

পুলিশের ৮০ শতাংশ গাড়িই চলাচলের অযোগ্য

মালয়েশিয়া বিনা খরচে নেবে ১০ হাজার বাংলাদেশি

মালয়েশিয়া বিনা খরচে নেবে ১০ হাজার বাংলাদেশি

বেতন পরিশোধ ও বৃদ্ধির দাবি উত্তরায় শ্রমিক অবরোধে পুলিশের ধাওয়া, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড

উত্তরায় শ্রমিক অবরোধে পুলিশের ধাওয়া, শ্রীপুরে সাউন্ড গ্রেনেড

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম