ব্রাজিলে বিমান বিধ্বস্তে ৬২ জন নিহতের আশঙ্কা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাজিলে একটি বিমান দুর্ঘটনায় ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স। যাত্রীবাহী বিমানটি কাসকাভেল থেকে উড়াল দিয়ে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হয়ে কয়েকটি গাছের আড়ালে পড়েছে। এরপর সেখানে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে। বিবিসি স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, বিমানে থাকা কেউ জীবিত নেই।
এয়ারলাইন ভোয়েপাস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি. উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়েছে। এর ফ্লাইট নম্বর ছিল পিএস-ভিপিবি। বিমানটির মডেল এটিআর ৭২-৫০০ টার্বোপ্রপ বলে ফ্লাইট রাডারে উল্লেখ করা হয়েছে। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানাতে পারেনি। ঘটনাস্থলে সাতটি উদ্ধারকারী দল পাঠিয়েছে সাও পাওলো রাজ্যের দমকল বাহিনী। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন।
