অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে মৃত্যু সোয়া লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়। এতে চিকিৎসা ব্যয় বেড়ে যায়। সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা-বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদফতর (ডিজিএমই) এবং ডব্লিউএইচও যৌথভাবে এটি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএমই’র পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন ডব্লিউএইচও বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো প্রমুখ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন জরুরি। এর যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে। দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকেও একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও অধ্যাপকই সেই সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা দ্রুত পূরণ করতে হবে।
