সেনাবাহিনীর হেফাজতে চট্টগ্রামের সংসদ-সদস্য লতিফ
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জনরোষের মুখে পড়া চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সদ্য সাবেক সংসদ-সদস্য ও আওয়ামী লীগ নেতা এমএ লতিফকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মাদারবাড়ি এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, শুক্রবার লতিফ মাদারবাড়ি মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। নামাজ শেষে সাবেক সংসদ সদস্য ওই এলাকায় তার বোনের বাসায় যান। সেখানে লতিফের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। বিকালের দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় কয়েকশ মানুষ বাড়িটির সামনে অবস্থান নেন। বিক্ষুব্ধ লোকজন তাকে বের হয়ে আসতে বলেন ও তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় লতিফের কিছু সমর্থকও জড়ো হন। তবে ধাওয়া খেয়ে তারা পালিয়ে যান।
সূত্র জানায়, খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে জনরোষের মুখে পড়া লতিফকে গাড়িতে তুলে হেফাজতে নেয়। তবে এ ব্যাপারে সেনাবাহিনীর দায়িত্বশীল কারও বক্তব্য জানা সম্ভব হয়নি। এমএ লতিফ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য। তিনি টানা চারবার চট্টগ্রাম-১৫ থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। চট্টগ্রাম চেম্বারে সভাপতির দায়িত্বও পালন করেছেন।
