Logo
Logo
×
   

Advertisement

খেলা

লন্ডন গেলেন সাকিব

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চোখের সমস্যা আড়াল করে খেলেছিলেন সাকিব আল হাসান। অধিনায়ক সাকিবকে ভারত বিশ্বকাপে দেখা যায়নি চেনা ছন্দে। বিশ্বকাপের পর লম্বা সময় পার হয়ে গেলেও চোখের সমস্যা থেকে মুক্তি মেলেনি তার। রোববার সাকিবকে দেখা গেল ভিন্নরূপে। চোখে চশমা পরে ব্যাট করলেন। তবে চশমা ব্যবহার করেও খুব একটা উপকার না মেলায় চোখের চিকিৎসক দেখাতে কাল ইংল্যান্ড গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও সংসদ-সদস্য সাকিব। সব ঠিক থাকলে বিপিএলের আগেই তিনি দেশে ফিরবেন।

বিশ্বকাপের সময় ভারতেই দুবার চোখের ডাক্তার দেখিয়েছিলেন সাকিব। যুক্তরাষ্ট্রেও তিনি ডাক্তার দেখিয়েছেন। কিন্তু কোনোটাতেই খুব একটা লাভ হয়নি। কাল বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ‘তিনি আজ (রোববার) লন্ডন যাচ্ছেন।’ ১৯ জানুয়ারি বিপিএল শুরু হওয়ার আগেই তিনি দেশে ফিরবেন। কাল ব্যাট হাতে সাকিবের মাঠে ঢোকা থেকে শুরু করে নক করার পুরো সময় খুব কাছাকাছি ছিলেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী। চোখের অবস্থা তিনি পর্যবেক্ষণ করছিলেন। বিপিএলে সাকিবের দল রংপুর রাইডার্সের একটি সূত্রে থেকে জানা গেছে, চশমা ব্যবহার করেও খুব একটা উপকার পাননি সাকিব। চোখের চিকিৎসক দেখাতে তাই দেশের বাইরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। এতে টুর্নামেন্টের শুরুতে তাকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তাও তৈরি হতে পারে। বিশ্বকাপের সময় চেন্নাইয়ে চোখের চিকিৎসক দেখিয়েছিলেন সাকিব। বিশ্বকাপে ব্যাটিংয়ের সময় বল দেখার ক্ষেত্রে প্রবল অস্বস্তি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ওই সময় চোখের সমস্যার কথা বাইরে আসেনি। চেন্নাইয়ের চিকিৎসক জানিয়েছিলেন, সাকিবের চোখের এই সমস্যা হচ্ছে ‘স্ট্রেস’ থেকে, চাপ কমে গেলে সমস্যাও কমে যাবে। বিশ্বকাপের মধ্যে চাপ কমার উপায়ও ছিল না। তার ব্যাটিং স্টান্স, হেড পজিশনে বড় পরিবর্তনও দেখা যায় বিশ্বকাপে। সেটি মূলত চোখের সমস্যার কারণেই। পরে তো বিশ্বকাপের শেষ দিকে আঙুলের চোট নিয়ে ছিটকে যান তিনি। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে আবার চিকিৎসক দেখান সাকিব। দেশে ফিরে তিনি আরও চাপের মধ্যে ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে মাঠে কাজ করেছেন। চোখের সমস্যা কোথায় সেটা জানতেই লন্ডন গেলেন সাকিব।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম