হৃদয়ের টেস্টে হৃদয়ে রক্তক্ষরণ
জ্যোতির্ময় মন্ডল, সিলেট থেকে
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যেমন উইকেট চেয়েছিলেন, তেমনটি পাননি। সংবাদ সম্মেলনে অকপট নাজমুল হোসেন শান্ত। ভেবেছিলেন স্পিন আরেকটু আগে ধরবে। সেটি হয়নি। সেই সঙ্গে বাংলাদেশ অধিনায়ক এটাও স্বীকার করতে কুণ্ঠিত হননি যে, নিজেদের সামর্থ্যরে ৫০ শতাংশও খেলতে পারেননি তারা। পরিকল্পনা ও তার বাস্তবায়ন যদি যথাযথ হতো, তাহলে ফল ভিন্ন হতেও পারত।
সোমবার ড্র হওয়ার মধ্য দিয়ে সিলেট টেস্টের পর্দা নামার পর শান্তর ক্ষোভ ও হতাশা অযৌক্তিক নয়। ঢাকায় প্রথম টেস্ট আট উইকেটে জেতায় দুই ম্যাচের সিরিজ ওয়েস্ট ইন্ডিজ নিজেদের করে নিল ১-০তে। ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো পঞ্জিকাবর্ষে টেস্ট সিরিজ হারেনি তারা। আর সিরিজ হেরে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বিবর্ণ হয়ে গেল। ১-০তে সিরিজ হেরে যাওয়ায় আইসিসির টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে বাংলাদেশ।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেটে ৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ৩৮৬ রান করা বাংলাদেশ ৩৬৯ রানের লক্ষ্য পায়। পঞ্চমদিন শেষ করে তারা চার উইকেটে ১৮৪ রান করে। আলোর স্বল্পতায় বিকাল ৩টা ৪৫ মিনিটে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। পরে বিকাল ৪টায় ম্যাচের সমাপ্তি ঘোষণা করা হয়। ২০২২ সালের মে মাসের পর বাংলাদেশে এই প্রথম কোনো টেস্ট ড্র হলো। মাঝের ১৮ টেস্টে কোনো ম্যাচ ড্র হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও ঘরের মাঠে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।
সিলেট টেস্টের নায়ক তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে তার অপরাজিত ২৪২ রান বাংলাদেশকে বিপর্যয় থেকে রক্ষা করেছিল। দুই ইনিংস মিলিয়ে ৩০০ ছাড়ানো (৩২৪) রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি। ছাড়িয়ে গেছেন ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে মুমিনুল হকের করা ২৮১ রানের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্টে ৩০০র বেশি রান করা নবম ব্যাটার হৃদয়। পঞ্চমদিনের শুরুতে দ্রুত রান তুলে ছয় উইকেটে ৩৯৮ রান করে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজ ১৪২, আমির জাঙ্গু ৩৯* ও জশুয়া বিশপ ১১ বলে ২০ রান করেন। জবাবে দুই ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন ওয়ারিক্যান। তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ১৩৫ রানের জুটি লড়াইয়ে ফেরায় স্বাগতিকদের। ৪৯ রানে থামেন মুশফিক। এর মধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আর হৃদয়কে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০০ টেস্ট উইকেট পাওয়া দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার এখন ওয়ারিক্যান।
সিলেট টেস্ট সংখ্যায়
৩২৪
বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ
৩২৪ রানের রেকর্ড গড়েছেন তাওহিদ হৃদয়। সিলেট টেস্টে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮২ রান। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৮১ রান করে এতদিন চূড়ায় ছিলেন মুমিনুল হক
১
একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করা বাংলাদেশের প্রথম ব্যাটার তাওহিদ হৃদয়
৭০০০
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করার পথে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। সব মিলিয়ে এই সংস্করণে সাত হাজার রান করা বিশ্বের ৫৯তম ব্যাটার তিনি
