সকালে ঢাকায়, বিকালে অনুশীলনে হামজা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ বিমানযাত্রায় তার সফরসঙ্গী হলেন স্ত্রী, তিন সন্তান, বাবা-মা। তবু বিশ্রামে সময় নষ্ট করলেন না হামজা চৌধুরী। সোমবার ভোরে ঢাকায় পৌঁছে বিকালে নেমে পড়েন অনুশীলনে। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের প্রত্যাবর্তনে প্রাণ ফিরে পেল বাংলাদেশ শিবির।
ইংল্যান্ডের লেস্টার থেকে সড়কপথে গ্যাটউইক বিমানবন্দর। সেখান থেকে তুরস্কের ইস্তাম্বুল হয়ে ঢাকা। দীর্ঘ ভ্রমণে ক্লান্ত। হোটেলে পৌঁছে সতীর্থদের সঙ্গে সকালের নাশতা সারেন। বিকালে এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন।
ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগের দুর্বলতা ধরা পড়ে। হামজার যোগ দেওয়াটা বড় প্রাপ্তি মনে করছে টিম ম্যানেজমেন্ট। বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ বলেন, ‘হামজা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ফেরায় দলের প্রত্যেকে উজ্জীবিত। সাফ শিরোপা আমাদের জিততেই হবে।’ সতীর্থ বিশ্বনাথ ঘোষও উচ্ছ্বসিত। ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসাবে খেলা এই ডিফেন্ডার জানিয়েছেন, নতুন পজিশনে খেলার অভিজ্ঞতা জানতে চেয়েছেন হামজা। বিশ্বনাথের কথায়, ‘খেলাটা উপভোগ করেছি। তবে গোল না পাওয়ার আক্ষেপ রয়েছে।’ এদিকে রাতে ঢাকায় আসেন ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ। তিনি আসায় সাফের ২৮ সদস্যের দল পূর্ণ হলো। আজ অনুশীলনে যোগ দেবেন ফারহান। ভুটান-শ্রীলংকা ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ বাকি থাকতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
বুধবার শ্রীলংকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ।
