আফগান নির্বাচনে আশরাফ ঘানির জয়
ভোটের ফলাফল প্রত্যাখ্যান বিরোধী প্রার্থী আবদুল্লাহর
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আফগানিস্তানে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হচ্ছেন দেশটির ক্ষমতাসীন বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। নির্বাচনের প্রাথমিক ফলাফল থেকে তার জয়ের বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় তিন মাস পর রোববার প্রাথমিক ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নির্বাচনে ৫০.৬৪ শতাংশ ভোট পেয়েছেন আশরাফ ঘানি, যা প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট। ৩৯.৫২ শতাংশ ভোট পেয়েছেন প্রধান বিরোধী প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ।
কিন্তু কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন তিনি। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই ফের গণনার আবেদন করবেন বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।
নির্বাচন না করতে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের হুশিয়ারি সত্ত্বেও চলতি বছরের ২৮ সেপ্টেম্বর যুদ্ধপীড়িত দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ দেড়যুগ ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তানে শান্তি ফেরানোর পথরেখা তৈরিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা চলছিল। দুই বছর ধরে চলা ওই আলোচনার কারণে প্রেসিডেন্ট নির্বাচন দুই দফা পিছিয়েও দেয়া হয়।
কিন্তু শেষ পর্যন্ত চুক্তিতে উপনীত হতে হতেও শেষপর্যায়ে এসে ওই আলোচনা ভেস্তে যাওয়ায় নির্বাচনের তারিখ ঘোষণা করে আফগান সরকার। এতে ক্ষুব্ধ তালেবান গোষ্ঠী ভোট কেন্দ্রে হামলা চালানোর হুমকি দেয়।
ওই হুমকির কথা মাথায় রেখে ভোট কেন্দ্রের আশপাশে এবং কেন্দ্রের ভেতর কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়। যে কারণে দুই-একটি ঘটনা ছাড়া বেশিরভাগ কেন্দ্রের পরিবেশ শান্তই ছিল।
কিন্তু তারপরও ভোটাদের আতঙ্ক যে কাটেনি তার প্রমাণ কমসংখ্যক ভোটার উপস্থিতি। ভোট দেন নিবন্ধিত ভোটোরের মাত্র ২০ শতাংশ। অতীতের নির্বাচনগুলোর তুলনায় এবারই ভোটার উপস্থিতি এত অস্বাভাবিক রকম কম ছিল বলে জানান কর্মকর্তারা।
কর্মকর্তারা আগেই অনুমান করছিলেন, ভোটার উপস্থিতি অস্বাভাবিক রকম কম এবং ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে অনেক বেশি অভিযোগ ওঠার কারণে ভোটের ফলাফল অধিকাংশের কাছে গ্রহণযোগ্য হবে না। অক্টোবরেই প্রাথমিক ফলাফল ঘোষণার কথা ছিল।
