Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

মধ্যপ্রাচ্যে আরেক মার্কিন রণতরি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে গোপনে শান্তি আলোচনা চলাকালেই অঞ্চলটিতে পৌঁছেছে আরেক মার্কিন রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। মধ্যপ্রাচ্যে আগে থেকেই মোতায়েন থাকা দুটি মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে এটি। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনটিতে। বাহরাইনে ইরানের নতুন করে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ এবং ওয়াশিংটন-তেহরান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই রণতরির আগমন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সোমবার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় ইউএসএস থিওডোর রুজভেল্ট, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন অবস্থান করছে। তবে তিনটি রণতরির একসঙ্গে অবস্থান সাময়িক হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। রুজভেল্টের আগে জর্জ ওয়াশিংটনকে প্রতিস্থাপনের পরিকল্পনা থাকলেও সেটি এখনো অঞ্চলটিতে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় ইরানও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, মার্কিন আগ্রাসনের অপেক্ষা না করে আগেই হামলা চালাবে ইরান। তার বক্তব্য, কূটনৈতিক আলোচনার আড়ালে ওয়াশিংটন নতুন হামলার প্রস্তুতি নিতে পারে।

যুক্তরাষ্ট্র শোচনীয় পরাজয়ের মুখে পড়বে : আরাঘচি

চলমান সংঘাতে আত্মবিশ্বাসী অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হতে পারে-এমন ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ প্রসঙ্গে প্রাচীন রোমের এক সেনাপতির পরিণতির উদাহরণ টেনে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, ‘তরবারিধারীদের আইন বোঝাতে যেও না’-এই কথাটি বলেছিলেন প্রাচীন রোমের এক সেনাপতি। সংখ্যাগত দিক থেকে এগিয়ে থাকা সত্ত্বেও তার শেষ সামরিক অভিযান ভয়াবহ পরাজয়ে শেষ হয়েছিল। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর তার শিরশ্ছেদ করা হয়। এরপর ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, ‘যারা অতীতকে মনে রাখতে পারে না, তারা একই ভুলের পুনরাবৃত্তি করে।’ তার এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিণতি নিয়েও পরোক্ষ সতর্কবার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যে আরাঘচির এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামরিক শক্তিতে এগিয়ে থাকার অর্থ যে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত হওয়া নয়, ইতিহাসের উদাহরণ টেনে সেই বার্তাই দিতে চেয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

মাইনে আঘাত, ডুবে গেল ২০ লাখ ব্যারেল তেলবাহী ট্যাংকার

হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে যাওয়ার সময় নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দুটি ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় ইরানের নির্ধারিত পথ ব্যবহার না করে একটি ‘অননুমোদিত’ নৌপথে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত লাগলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটিতে আগুন ধরে যায়। পরে এর একটি ট্যাংকার ডুবে যায়। তবে জাহাজ দুটির নাম, পতাকাবাহী দেশ কিংবা নাবিকদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইরান। এর আগে গত ১২ জুলাই যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা শুরু করলে হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দেয় তেহরান। একই সঙ্গে ইরান সতর্ক করে জানায়, তাদের নির্ধারিত নৌপথের বাইরে দিয়ে চলাচলকারী কিংবা অনুমতি ছাড়া প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণ করা হয়। ফলে সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা ইতিমধ্যেই আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যে দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ এবং একটি সুপারট্যাংকার ডুবে যাওয়ার ইরানি দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে আরেক মার্কিন রণতরি

মধ্যপ্রাচ্যে আরেক মার্কিন রণতরি

তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে ৬৫ শতাংশ মানুষ গাজার আর্তনাদ কেউ শোনে না

গাজার আর্তনাদ কেউ শোনে না

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা ২৫ বছরে ৩ কোটির বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

২৫ বছরে ৩ কোটির বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

জেনসেনকে ফেরাতে একাট্টা প্রযুক্তি দুনিয়া

জেনসেনকে ফেরাতে একাট্টা প্রযুক্তি দুনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম