তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে ৬৫ শতাংশ মানুষ
গাজার আর্তনাদ কেউ শোনে না
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজা নিয়ে একদিন হয়তো আশার কথা লেখা হবে। কিন্তু সেই সময় এখনো অনেক দূরে। যুদ্ধের ভয়াবহ পরিণতিতে গাজার মানুষ এখনো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের বেশির ভাগেরই আশ্রয় অস্থায়ী তাঁবু ও জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র। এর মধ্যেই ইসরাইলি কর্তৃপক্ষ মানবিক পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগে বাধা দিচ্ছে। পাশপাশি ‘হলুদ রেখা’ এগিয়ে নিয়ে গাজার ভূখণ্ড আরও সংকুচিত করছে ইসরাইল। সোমবার মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর থেকে ভারী বৃষ্টিপাতে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠে। বর্তমানে প্রায় ৬৫ শতাংশ মানুষ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করছেন। বন্যাপ্রবণ এলাকায় আছেন প্রায় ১০ লাখ মানুষ। এর মধ্যে ৪ লাখ মানুষ অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় থাকেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরইমধ্যে গাজায় শ্বাসতন্ত্রের রোগও বাড়ছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রেইনহিল্ডে ভ্যান ডের উইর্ডট বলেন, গত বছরের একই সময়ের তুলনায় তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ ৩৩ হাজার বেশি। বৃষ্টিতে গাজার পাঁচটি প্রশাসনিক এলাকার বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল, মানবিক সহায়তা কেন্দ্র ও বিভিন্ন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম ২৪ ঘণ্টায় ২৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেও পরে এ সংখ্যা বেড়ে ৪৬ হাজারে দাঁড়ায়। ওই সময় ৬ হাজারের বেশি পারিবারিক আশ্রয়স্থল ধ্বংস হয়। ক্ষতিগ্রস্ত হয় আরও ১৭ হাজার ৪০০টি।
গত শুক্রবার প্রকাশিত ওসিএইচএর মানবিক পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়, ৩ থেকে ৯ নভেম্বর ইসরাইলি বিমান হামলা, গুলিবর্ষণ ও গোলাবর্ষণে ২২ ফিলিস্তিনি নিহত এবং ৯০ জন আহত হন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণের প্রয়োজন বাড়লেও গাজায় সহায়তা সরবরাহ কমেছে। ওসিএইচএ জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় ট্রাকের সংখ্যা ৪২ শতাংশ কমেছে। চোরাচালানের আশঙ্কায় ইসরাইল মিসরীয় করিডর দিয়ে পণ্য সরবরাহ স্থগিত করেছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়, গাজায় খাদ্য সরবরাহ ক্রমেই কমছে। চিকিৎসাসামগ্রী, তাঁবু ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের উপকরণেরও তীব্র সংকট রয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতি সপ্তাহে ৪ হাজার ২০০টি যানবাহনে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল; অর্থাৎ প্রতি মাসে ১৮ হাজার ২০০টি যানবাহন গাজায় প্রবেশের কথা।
যুদ্ধবিরতির পর ১,৬৪৭ জন নিহত : ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানি অব্যাহত আছে। রোববার আরও চারজনের মৃত্যুর খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে যুদ্ধবিরতির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৭ জনে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ে আহত হয়েছেন ৫ হাজার ৯৬৯ জন। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে ৮৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত ৭৪ হাজার ৬৯৯ জন নিহত ও ১ লাখ ৭৬ হাজার ৯৮ জন আহত হয়েছেন।
