পাঁচ দশকে প্রাথমিক শিক্ষা
মো. সিদ্দিকুর রহমান
প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাধীনতার ঊষালগ্নে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ছিল আমাদের এই মাতৃভূমি। পাকিস্তানের হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। চারদিকে শুধু ছাই আর ছাই। সে সময় যোগাযোগ ব্যবস্থা ছিল বিধ্বস্ত। অভাব ও নিদারুণ সংকটে নিমজ্জিত ছিল জনজীবন। এর মাঝে বঙ্গবন্ধু এ দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। পাক হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস লুকিয়ে থেকে বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণের পর প্রায় প্রতিদিন পাট ও খাদ্যের গুদামে আগুন ও লুটতরাজ অব্যাহত রাখে।
মুক্তিবাহিনী অস্ত্র জমা দিলেও পাক হানাদার বাহিনীর অনুচরদের অস্ত্র লুকানোর মাঝে ভয়াবহ অবস্থায় বঙ্গবন্ধু সরকারের পথচলা। অসংখ্য ন্যায্যমূল্যের দোকান ও রিলিফের মাধ্যমে বঙ্গবন্ধু সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। ১৯৭৪ সালের পর দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। ’৭৫-এর ১৫ আগস্টের কালরাত্রির জঘন্য হত্যাকাণ্ডের ফলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা থমকে দাঁড়ায়।
তৃণমূলের খেটে খাওয়া মানুষের প্রতি বঙ্গবন্ধুর গভীর ভালোবাসা ছিল। শিক্ষকরা ছিল তার হৃদয়ের মণিকোঠায়। অসহায় মানুষের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে না পারলে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না- এই গভীর উপলব্ধিবোধ বঙ্গবন্ধুর মাঝে ছিল। তাই তিনি নিদারুণ আর্থিক সংকটের মধ্যেও প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছিলেন। এর ফলে ৩৭ হাজার বিদ্যালয়ের প্রায় দেড় লাখ প্রাথমিক শিক্ষক সরকারি কর্মচারীর মর্যাদা পান।
স্বাধীনতার সূচনালগ্নে যেখানে বঙ্গবন্ধুর সামনে সংকট নিরসন করাই বড় চ্যালেঞ্জ, সেখানে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অঙ্কের অর্থের জোগান দিয়ে প্রাথমিক শিক্ষকদের ভরণপোষণ করা এক বিশাল দুঃসাহসী পদক্ষেপ। বিশাল হৃদয়ের অধিকারী হওয়ায় বঙ্গবন্ধুর পক্ষে এটি সম্ভব হয়েছে।
তবে বঙ্গবন্ধুর ভালোবাসার ধন দেশের তৃণমূলের জনগণ ও তাদের শিক্ষকদের ওপর ঘোর অমানিশা নেমে আসে ’৭৫-এ সরকার পরিবর্তনের পর। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের প্রথম ঘৃণ্য ছোবল আসে বঙ্গবন্ধুর সরকারিকরণ নীতির ওপর। দুটি অধ্যাদেশের মাধ্যমে ঢাকা মহানগরী প্রাথমিক শিক্ষা ঢাকা পৌরসভা ও সারা দেশের প্রাথমিক শিক্ষা গ্রাম সরকারের ওপর ন্যস্ত করা হয়। সে সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গড়ে তুলেছিল এক ঐতিহাসিক আন্দোলন।
মুক্তিযুদ্ধ ছাড়া এত বড় আন্দোলন কোনো পেশাজীবীরা আজ পর্যন্ত গড়ে তুলতে সক্ষম হয়নি। তখনকার দিনে ঢাকায় প্রাথমিক শিক্ষকরা পরিবারের এক বা একাধিক সদস্য নিয়ে ৩ লাখেরও অধিক মানুষের সমাবেশ ঘটিয়ে ঢাকা শহর অবরোধ করেন। সব রাজনৈতিক দল প্রাথমিক শিক্ষকের দাবির সঙ্গে একাত্ম হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। অবশেষে সামরিক সরকারের প্রথম পরাজয় ঘটে আর এটি সম্ভব হয়েছিল প্রাথমিক শিক্ষকদের কঠোর আন্দোলনের ফলে।
তখন থেকে বিএনপি সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে আ. আউয়াল তালুকদারের নেতৃত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে আরেকটি সংগঠন। আজ অসংখ্য সংগঠনের মাঝে ভেসে বেড়াচ্ছে প্রাথমিক শিক্ষকরা। বঙ্গবন্ধুর আমলে প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্য রেডক্রস থেকে টিন ও আর্থিক সহযোগিতা পেত। শিক্ষার্থীরা দুধ, ছাতু, খাতা, পেন্সিল ও জামাকাপড় পেত। শিক্ষকরা পেয়েছিল অলিম্পিয়া টেক্সটাইল মিলের ন্যায্যমূল্যের শার্টের কাপড়। ’৭৫-এর সরকার পরিবর্তনের পর এ প্রাপ্তি বন্ধ হয়ে যায়।
প্রেসিডেন্ট এরশাদ সরকারের সময়ে প্রাথমিক শিক্ষা আবার নতুনভাবে নিঃশ্বাস নিতে শুরু করে। সব সরকারি কর্মচারীর মতো প্রাথমিক শিক্ষকদের ৩টা টাইম স্কেল, ২ ঈদে অগ্রিমের পরিবর্তে ২টি পূর্ণ বোনাস, ৩ বছর পর পর শ্রান্তি বিনোদন ভাতা, প্রাথমিক শিক্ষকদের ৫০ শতাংশ সার্ভিস যুক্ত করে সুবিধা প্রদান, শিক্ষক নিয়োগে পোষ্য কোটা, আজকের সরকারি প্রাথমিক বিদ্যালয় কল্যাণ ট্রাস্ট, আইএ পাশের ১টি ও বিএ পাশের ২টি ইনক্রিমেন্ট, মিরপুরে প্রাথমিক শিক্ষক ভবন নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণসহ নানা সুযোগ-সুবিধার সূচনা হয়।
বিএনপি সরকারের সময়ে ২০০৫ খ্রিস্টাব্দে ঢাকার মুক্তাঙ্গনে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন ও ধর্মঘটের মুখে বিএনপি সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেতন বৈষম্য কিছুটা নিরসন করেছিলেন। ননট্রেইন্ড শিক্ষকরা ২৬০০ টাকা বেতন স্কেল থেকে ৩০০০ টাকা, ট্রেইন্ড সহকারী শিক্ষকদের ৩০০০ টাকার স্কেল থেকে ৩১০০ টাকা, প্রধান শিক্ষকদের ৩৩০০ টাকা স্কেল থেকে ৩৭০০ টাকায় বেতন স্কেল বৃদ্ধি হয়েছিল। প্রাথমিক শিক্ষকদের চরম বেতন বৈষম্য মূলত সে সময় থেকে শুরু। সে বেতন বৈষম্য আন্দোলনে প্রচারপত্র বিলি করায় ওসমানী উদ্যান থেকে আমাকে জেল হাজতে যেতে হয়েছিল। পরে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের মুখে সরকার আমাকে মুক্তি দিতে বাধ্য হয়।
শিক্ষা জাতীয় উন্নয়নের চাবিকাঠি। শিক্ষা সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। এ উপলব্ধি থেকে বঙ্গবন্ধু ৩৭০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এর ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬১১৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। বর্তমান সরকারের আগে ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে অর্ধেক পুরনো বই দীর্ঘ সময় থেকে বিতরণ করে আসা হচ্ছিল। শিশু শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে পুরনো বই দেওয়ার বিষয়টি ভাবনায় আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে। তিনি কেবল প্রাথমিকের শিক্ষার্থীদের নয়; ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিসহ মাদ্রাসার শিক্ষার্থীদেরও জানুয়ারি মাসের ১ তারিখে বই উৎসবের মাধ্যমে একযোগে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেন।
দেশের সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও বিনামূল্যে বই বিতরণের সফলতা অর্জনে সম্ভব হয়েছে কেবল শেখ হাসিনার পক্ষে। কী দুঃসাহসী কর্মকাণ্ড! এ ছাড়াও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রোরেল, এত শিক্ষার্থীকে বিনামূল্যে বই, শিক্ষার্থীদের উপবৃত্তি, এ বছর পোশাকের জন্য টাকা, প্রাক-প্রাথমিক শ্রেণি ও বিদ্যালয় সুসজ্জিতকরণ, শিক্ষা উপকরণ অবকাঠামো সুবিধা। বিদ্যালয়ের সীমানা প্রাচীর, স্লিপসহ বিভিন্ন খাতে পর্যাপ্ত বরাদ্দ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণসহ শিশুদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করার জন্য সব সুযোগ সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বর্তমান শিক্ষাবান্ধব সরকার।
প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চশিক্ষিত শিক্ষক দ্বারা ভরপুর আজকে প্রাথমিক বিদ্যালয়। আগের শিক্ষকমণ্ডলী ছিল সেকালের। যোগ্যতা এসএসসি বা আইএ পাশ। বর্তমানে সিনিয়র শিক্ষকদের এনালগ ও ডিজিটাল দুই ধরনের অভিজ্ঞতা রয়েছে। নতুন শিক্ষকরা উচ্চশিক্ষিত হলেও বর্তমানে জ্ঞান অর্জনের মানসিকতা তাদের মাঝে নেই বললেই চলে। বই ও পত্রিকা পড়ার অভ্যাস তাদের মাঝে তেমন দৃশ্যমান নয়। ভাবখানা এমন- যেন তারা সব শিক্ষা শেষ করে পণ্ডিত হয়েছেন। শিক্ষকরা নানা ধরনের শিক্ষা নিয়ে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করবেন। এ থেকে তারা তাদের আগের ও বর্তমান ডিজিটাল জ্ঞানের ভাণ্ডার শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেবেন- এমনটিই হওয়া উচিত।
বর্তমান শিক্ষাবান্ধব সরকার দেশের ব্যাপক উন্নয়ন করে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এর পরও প্রাথমিক শিক্ষায় বিরাজমান কতিপয় চ্যালেঞ্জ কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত করছে। প্রাথমিক শিক্ষার প্রধান চ্যালেঞ্জ বৈষম্য। বঙ্গবন্ধু আজীবন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছেন। অথচ বৈষম্যের করালগ্রাসে নিমজ্জিত প্রাথমিক শিক্ষা।
শিক্ষা ও শিক্ষকের ওপর থেকে বিরাজমান বৈষম্য দূর করা জরুরি। বিশ্বের সব দেশের শিক্ষকদের মর্যাদা ও যোগ্যতা এক ও অভিন্ন। স্বাধীন সার্বভৌম বঙ্গবন্ধুর সোনার বাংলায় আজও শিক্ষকরা যথাযথ মর্যাদা থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার। বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যার বাংলাদেশে প্রাথমিক, উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের মর্যাদা থাকবে প্রথম শ্রেণি। যোগ্যতা ও মর্যাদা থাকবে এক ও অভিন্ন। শিশু শিক্ষার বিষয়টি সবচেয়ে জটিল। এক্ষেত্রে শিশুশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের বেতন হওয়ার কথা বেশি। প্রাথমিক শিক্ষকরা থার্ড ও সেকেন্ড ক্লাস। স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করার পর এ বিষয়টি নিঃসন্দেহে দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক।
মো. সিদ্দিকুর রহমান : সভাপতি, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ
