Logo
Logo
×

Advertisement

বাতায়ন

সরকারি ব্যয়ে অদক্ষতা টেকসই উন্নয়নের প্রতিবন্ধক

Icon

ড. বখতিয়ার উদ্দিন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘যত বেশি বিদ্বান, তার পোশাকে তত বেশি ফুটো’-পুরোনো এই প্রবাদে কৌতুক করে বলা হয়, পণ্ডিতের জ্ঞানের পরিচয় মেলে তার সাদাসিধে, নিরাভরণ জীবনযাপনে। কিন্তু আমাদের সরকারি কাজের দিকে তাকালে মনে হয়, প্রবাদটির একটি নতুন সংস্করণ তৈরি হয়েছে : কাজ যত সরকারি, তার জীর্ণদশা তত দ্রুত দৃশ্যমান হয়। নতুন ভবনের রং শুকাতে না শুকাতেই খসে পড়ে, উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই আলগা হয়ে যায় ফিটিংস, আর নতুন সড়কে বর্ষার প্রথম ধাক্কাতেই দেখা দেয় খানাখন্দ।

মাঝেমধ্যে মনে হয়, জীর্ণশীর্ণ চেহারা আর খানাখন্দই যেন সরকারি কাজের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। অথবা চকচকে ভবন, সচল যন্ত্রপাতি, মসৃণ সড়ক আর সুরক্ষিত মহাসড়ক দেখতে আমরা হয়তো রাজিই নই। আমাদের এই ‘পছন্দ’ মেটাতেই বুঝি সরকারি স্থাপনা এমনভাবে বানানো হয়, যাতে উদ্বোধনের অল্প সময় পরই তা আর চোখে সয় না।

সমস্যাটি শুধু অবকাঠামোতে সীমাবদ্ধ নয়। সরকারি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনা পণ্য ও সরঞ্জামের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। অনেক ক্ষেত্রে, সরকারি দপ্তরে ব্যবহৃত ইলেকট্রনিকসামগ্রী ও অন্যান্য পণ্যে বিশ্বখ্যাত ব্র্যান্ডের নাম ও লোগো শোভা পেলেও বাস্তব অভিজ্ঞতা প্রায়ই ভিন্ন। কম্পিউটার হ্যাং করে, ফটোকপিয়ারে কাগজ আটকে যায়, এয়ার কন্ডিশনার ঠিকমতো ঠান্ডা করে না, গাড়ি মাঝপথে বিকল হয়ে পড়ে। এর ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা সাধারণ মানুষকে; বাধাগ্রস্ত হয় সরকারি দপ্তরের দৈনন্দিন কাজও।

এখানে প্রশ্ন ওঠে, দরপত্রে উল্লেখ করা নামি ব্র্যান্ড ও উন্নত কারিগরি বৈশিষ্ট্য অনুযায়ী পণ্য সরবরাহ করা হচ্ছে কি না, তা কতটা যাচাই করা হয়? বিক্রয়োত্তর সেবা ও ওয়ারেন্টির শর্ত কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়? একটি কম্পিউটার বা এয়ার কন্ডিশনার বারবার বিকল হলে মেরামত কিংবা পরিবর্তনের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। শেষ পর্যন্ত সেই অর্থ আসে জনগণের করের টাকা থেকেই।

বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে, বেড়েছে আমাদের আর্থিক সক্ষমতাও। এখন আমরা তুলনামূলক ব্যয়বহুল সরকারি প্রকল্প বাস্তবায়নের সামর্থ্য রাখি। দীর্ঘস্থায়িত্বের আশায় সস্তা পিচঢালা সড়কের পরিবর্তে তুলনামূলক ব্যয়বহুল কংক্রিটের সড়ক নির্মাণও বাড়ছে। কিন্তু ব্যয় বেশি হলেই যে স্থায়িত্ব নিশ্চিত হয়, বাস্তবতা সব সময় তা বলে না। কিছু সড়ক চালুর কয়েক মাসের মধ্যেই ক্ষয়ে যেতে শুরু করে, পাথরের কুচি বেরিয়ে আসে, পৃষ্ঠতল অসমতল হয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রত্যাশিত সময়ের অনেক আগেই তৈরি হয় গর্ত, আর সড়ক চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।

অথচ সরকারি ক্রয় বিধিমালার (পিপিআর) অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সরকারি ক্রয়ে মান নিশ্চিত করা এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। স্বচ্ছতা, জবাবদিহি, প্রতিযোগিতা, দক্ষতা, নৈতিকতা ও টেকসই উন্নয়নের পাশাপাশি মানকেও পিপিআর তার মৌলিক নীতিগুলোর অন্তর্ভুক্ত করেছে। কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ, পরিদর্শন ও গ্রহণ, ত্রুটি-দায়বদ্ধতার মেয়াদ, জামানতের অর্থ সংরক্ষণ, ঠিকাদারের কাজের মূল্যায়ন, চুক্তি বাতিল এবং ক্রয়-কৌশল-প্রায় প্রতিটি পর্যায়েই মান নিশ্চিত করার বিধান রয়েছে।

সরকারি কাজ নির্ধারিত নকশা, ড্রয়িং, স্পেসিফিকেশন ও মানদণ্ড অনুযায়ী সম্পন্ন হওয়ার কথা। ঠিকাদারকে শুধু একটি স্থাপনা নির্মাণ বা কোনো পণ্য সরবরাহের জন্য অর্থ দেওয়া হয় না; চুক্তিতে নির্ধারিত মান ও শর্ত অনুযায়ী কাজ বুঝিয়ে দেওয়াই তার দায়িত্ব।

কয়েক বছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও তার দুই সহকর্মীর গবেষণায় দেখা গেছে, অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও সড়ক নির্মাণের ব্যয় অস্বাভাবিক বেশি। একই উদ্বেগের কথা জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশে মহাসড়ক নির্মাণের ব্যয় চীন ও ভারতের তুলনায় বেশি, এমনকি কিছু ক্ষেত্রে ইউরোপের চেয়েও বেশি। এসব মহাসড়কের স্থায়িত্ব বিবেচনায় নিলে অর্থের বিনিময়ে প্রাপ্ত মূল্যের বিচারে বাংলাদেশের অবস্থান আরও উদ্বেগজনক হতে পারে। ব্যয় বেশি হলেই কাজের মান ভালো হবে-এমন ধারণা যে বাস্তবসম্মত নয়, এ অভিজ্ঞতা তারই প্রমাণ।

বিভিন্ন উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সংস্থাও বাংলাদেশের সরকারি ব্যয় ব্যবস্থাপনার দক্ষতা ও কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুর্বল প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়নে শৈথিল্য এবং ত্রুটিপূর্ণ ব্যয়-সুবিধা বিশ্লেষণ এ সমস্যার অন্যতম কারণ। উদাহরণ হিসাবে ঢাকা বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কথা বলা যায়। ৪ হাজার ২৬৮ কোটি টাকার বেশি ব্যয় হওয়ার পরও প্রকল্পটি প্রত্যাশিত সুফল দিতে পারেনি, প্রকল্পটি বাতিল ঘোষণা করতে হয়েছে। অন্যদিকে, ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানোর মতো আয় করতেও হিমশিম খাচ্ছে। বিপুল বিনিয়োগের অর্থনৈতিক সুফল ও ব্যয় তুলে আনার প্রশ্ন তো রয়েছেই।

আমাদের নীতিনির্ধারণে প্রায়ই একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত থাকে : নির্মাণকাজ শেষ হওয়া মানেই প্রকল্পের ব্যয় শেষ হওয়া নয়। একটি সড়ক, সেতু বা ভবনের প্রকৃত ব্যয় নির্ধারণ করতে হলে নির্মাণ ব্যয়ের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ব্যয়ও হিসাব করতে হবে। নির্মাণের মান খারাপ হলে কয়েক বছরের মধ্যেই মেরামতের প্রয়োজন হয়। আর সেই মেরামতের জন্য আসে নতুন বরাদ্দ, শুরু হয় নতুন দরপত্র। ফলে একই অবকাঠামোর পেছনে জনগণের অর্থ বারবার ব্যয় করতে হয়। কখনো কখনো একটি প্রকল্পের প্রাথমিক নির্মাণ ব্যয়ের চেয়ে পরবর্তী মেরামত ও রক্ষণাবেক্ষণ তাই কম দরদাতাকে কাজ দেওয়াকেই সরকারি ক্রয়ের সাফল্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং দেখতে হবে, কাজটি কত দিন টিকল, নির্ধারিত মান কতটা বজায় থাকল এবং দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণে কত অর্থ ব্যয় করতে হলো।

সরকারি ক্রয়বিধিতে মান নিশ্চিত করার এত ব্যবস্থা থাকার পরও সরকারি কাজ এত দ্রুত নষ্ট হয় কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দুর্নীতি, অনিয়ম এবং জবাবদিহির ঘাটতির বিষয়গুলো সামনে আসে। কারিগরি বৈশিষ্ট্য কখনো বিশেষ ঠিকাদারের সুবিধার্থে নির্ধারণ করা হতে পারে; পরিদর্শন ও গ্রহণ কমিটি নিম্নমানের পণ্য বা কাজকে অনুমোদন দিতে পারে; আবার জামানতের অর্থ আটকে রাখার বিধানও অনেক ক্ষেত্রে শুধু আনুষ্ঠানিকতায় পরিণত হতে পারে। চুক্তি প্রদানে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ জনমনে সন্দেহ আরও বাড়িয়ে তোলে। এমন পরিস্থিতিতে উন্নয়নের জন্য বরাদ্দ জনগণের অর্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ মানুষের কল্যাণের পরিবর্তে বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

তবে দুর্বলতার কারণ শুধু দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ নয়। নির্মাণকাজের প্রতিটি পর্যায়ে যথাযথ কারিগরি তদারকির অভাবও নিম্নমানের কাজের অন্যতম কারণ। উপকরণের মান, মিশ্রণের অনুপাত, নির্মাণপ্রক্রিয়া এবং কাজের গুণগত মান যথাযথভাবে পর্যবেক্ষণ না করা হলে নকশা ও স্পেসিফিকেশনে যা উল্লেখ থাকে, বাস্তবে তা নিশ্চিত করা সম্ভব হয় না।

এ ক্ষেত্রে স্থানীয় জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। যে এলাকার মানুষ একটি সড়ক, সেতু বা ভবন ব্যবহার করেন, কাজের মান সম্পর্কে তারাই অনেক সময় সবচেয়ে ভালো ধারণা দিতে পারেন। কিন্তু কোথায় কী কাজ হচ্ছে, কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিকাদার কে এবং কাজের নির্ধারিত মান কী-এসব তথ্য তাদের কাছে সহজে পৌঁছায় না। ফলে অনিয়ম বা নিম্নমানের কাজ চোখে পড়লেও তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সীমিত থাকে।

সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা চালু করেছে। বর্তমানে সরকারি সংস্থাগুলোতে এ ব্যবস্থার ব্যাপক ব্যবহার ক্রয় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করেছে এবং দরপত্রের ক্ষেত্রে সরাসরি যোগাযোগের ওপর নির্ভরতা কমিয়েছে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংস্কার। তবে প্রযুক্তির ব্যবহার একাই দুর্নীতি ও অনিয়ম দূর করতে পারে না। ই-জিপি দরপত্র প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পারে, কিন্তু নির্মাণকাজ নির্ধারিত মানে হচ্ছে কি না, সেতু ও সড়কের যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না কিংবা নিম্নমানের কাজের জন্য ঠিকাদারকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে কি না-এসব নিশ্চিত করতে পারে না। অর্থাৎ, ঠিকাদার নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ হলেও কাজ শুরু হওয়ার পর বাস্তবায়ন ও তদারকির ক্ষেত্রে দুর্বলতা থেকে যেতে পারে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারি ব্যয় ও ক্রয়ব্যবস্থায় কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, শুধু দরপত্রের দর নয়, প্রকল্পের পুরো জীবনচক্রের ব্যয় ও স্থায়িত্বকে মূল্যায়নের কেন্দ্রে আনতে হবে। প্রাথমিক নির্মাণ ব্যয়ের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও মেরামতের সম্ভাব্য ব্যয় বিবেচনায় নিয়ে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। দ্বিতীয়ত, নির্মাণকাজ ও পণ্য সরবরাহের মান যাচাইয়ে স্বাধীন ও নিরপেক্ষ পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে হবে। কাজের মান সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনে স্বাধীন কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা রাখা যেতে পারে। তৃতীয়ত, পিপিআরে থাকা ত্রুটি-দায়বদ্ধতা, জামানত সংরক্ষণ এবং নিম্নমানের কাজ সংশোধনের বিধান কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। চুক্তির শর্ত ভঙ্গ করলে ঠিকাদারকে তার দায় নিতে হবে; প্রয়োজনে চুক্তি বাতিল ও আর্থিক ক্ষতি আদায়ের ব্যবস্থাও নিতে হবে। চতুর্থত, প্রকল্পের নকশা, বরাদ্দ, ঠিকাদারের নাম, চুক্তিমূল্য, নির্ধারিত মান ও বাস্তবায়নের অগ্রগতিসংক্রান্ত তথ্য জনসাধারণের জন্য সহজলভ্য করতে হবে। স্থানীয় জনগণকে নজরদারির অংশ করতে পারলে সরকারি কাজের মান সম্পর্কে সামাজিক জবাবদিহি বাড়বে। সবশেষে, নিম্নমানের কাজের জন্য শুধু ঠিকাদার নয়, দায়িত্বে অবহেলা করা সংশ্লিষ্ট কর্মকর্তা ও তদারককারী ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। কারণ, দায়মুক্তির সংস্কৃতি বজায় থাকলে সবচেয়ে ভালো বিধি ও নীতিমালাও কার্যকর হবে না।

সরকারি ব্যয়ের অদক্ষতার প্রভাব শুধু আর্থিক অপচয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বছরের পর বছর ভাঙা সড়ক, অচল যন্ত্রপাতি এবং অসমাপ্ত বা অব্যবহৃত প্রকল্প দেখতে দেখতে নাগরিকদের মনে রাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে অনাস্থা তৈরি হয়। কর দেওয়ার বিনিময়ে মানসম্মত সরকারি সেবা পাওয়ার যে প্রত্যাশা, তা বারবার ভেঙে গেলে সরকারি ব্যয়ের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন ওঠে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জনগণের এ আস্থা ফিরিয়ে আনা জরুরি।

শেষ পর্যন্ত সরকারি কাজের মান নির্ভর করে শুধু চুক্তি কীভাবে দেওয়া হলো, তার ওপর নয়; বরং প্রকল্পের পরিকল্পনা, নকশা, তদারকি, পরিদর্শন, বিধির প্রয়োগ এবং রক্ষণাবেক্ষণ কতটা কার্যকরভাবে সম্পন্ন হলো, তার ওপরও। বিধি তখনই অর্থবহ হয়, যখন তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যায়। আর প্রতিষ্ঠান তখনই কার্যকর হয়, যখন বিধি প্রয়োগের দায়িত্বে থাকা ব্যক্তিরাও জবাবদিহির আওতায় থাকেন।

বাংলাদেশ যদি অপচয়মুক্ত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায়, তাহলে জনগণের সীমিত সম্পদের প্রতিটি টাকা থেকে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ব্যবস্থার সাফল্য কতটি চুক্তিসম্পন্ন হলো বা কত কম দামে কাজ দেওয়া গেল, তা দিয়ে বিচার করা উচিত নয়; বরং বিচার করতে হবে, জনগণ সেই ব্যয়ের বিনিময়ে কতটা মানসম্মত ও দীর্ঘস্থায়ী সেবা পেলেন। কারণ, সরকারি অর্থ আসলে জনগণেরই অর্থ। সেই অর্থের প্রতিটি ব্যয়ের যথাযথ মান ও জনকল্যাণ নিশ্চিত করাই হওয়া উচিত সরকারি কাজের প্রকৃত সাফল্যের মাপকাঠি।

অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন : বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ

[email protected]

Advertisement

Advertisement

আরও পড়ুন

সরকারি ব্যয়ে অদক্ষতা টেকসই উন্নয়নের প্রতিবন্ধক

সরকারি ব্যয়ে অদক্ষতা টেকসই উন্নয়নের প্রতিবন্ধক

সাক্ষাৎকার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নই জরুরি: ড. আইনুন নিশাত

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নই জরুরি: ড. আইনুন নিশাত

বাংলাদেশের প্রত্যাশা কবে পূরণ হবে

বাংলাদেশের প্রত্যাশা কবে পূরণ হবে

দুর্ঘটনা থেকে নিরাপদ জন্মভূমির অভিমুখে

দুর্ঘটনা থেকে নিরাপদ জন্মভূমির অভিমুখে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম