Logo
Logo
×
   

Advertisement

টালিউড

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শুটিং শুরু, যা বললেন দেব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শুটিং শুরু, যা বললেন দেব

দেব। ছবি: সংগৃহীত

Advertisement

সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শুটিং শুরু করলেন প্রযোজক-অভিনেতা দীপক অধিকারী দেব। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সুখবর দিলেন তিনি। 

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ সিনেমাটির শুভ মহরত সেরেছিলেন এ সংসদ সদস্য। বিশেষ মুহূর্তে তার দোসর হয়েছিলেন 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' সিনেমার কলাকুশলীরা। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘নতুন যাত্রা-নতুন শুরু’। সেখানেই দেখা যায়, 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' সিনেমার পোস্টার। দেবের ওই পোস্টে বরাবরের মতোই উপচে পড়ে ভক্ত-অনুরাগীদের মন্তব্য। অধিকাংশেরই প্রশ্ন— শুটিং শুরু হবে কবে? যদিও সেই সময় তা খোলাসা করেননি দেব। 

রোববার আবার ছবি পোস্ট করে সুখবর দিলেন অভিনেতা। সামাজিক মাধ্যমে পোস্টে তিনি লিখলেন— '#BAD কাজ শুরু, বাইক অ্যাম্বুলেন্স দাদা।' অর্থাৎ আজ থেকেই শুরু হলো শুটিং।

'বাইক অ্যাম্বুলেন্স দাদা' সিনেমাটির গল্প মূলত জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হককে নিয়ে। তিনি ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহুদূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুলেন্সের মতো ব্যবহার করেন করিমুল। বাইকেই তিনি মুমূর্ষু রোগীদের পৌঁছে দেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর সমাজসেবা করে চলেছেন করিমুল হক। 

এই লড়াকু মানবতার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় তার হাতে। ২০২০ সালে শোনা গিয়েছিল, তার বায়োপিক তৈরি হবে বলিউডে। তবে সিনেমার পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক দেব। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনিই। চলতি বছরের আগস্টে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

এর আগে গত বছরে নিজের জন্মদিনে দেব জানিয়েছিলেন— তার ক্যারিয়ারের ৫০তম সিনেমা হতে চলেছে খুব স্পেশাল। আর সেই ৫০তম সিনেমা হিসেবে তিনি বেছে নিয়েছেন করিমুল হকের জীবনী, যার আদলে তৈরি হতে চলেছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'।

এ সিনেমাটির শুভ মহরত সম্পন্ন হয়, যার বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতনু রায়চৌধুরী, রথীজিৎ ভট্টাচার্য, নিলয়ন বন্দ্যোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, পার্থসারথি চক্রবর্তীসহ আরও অনেকেই। শুভ মহরতের দিন দেব পরেছিলেন একটি সাদা কারুকার্য করা পাঞ্জাবি ও সঙ্গে সাদা পায়জামা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম