নতুন ধারাবাহিকে সামিরা খান মাহি
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন একাধিক নাটকের কাজ নিয়ে। শিগগিরই তাকে দেখা যাবে ‘এই ঘর এই সংসার’ নামে একটি ধারাবাহিক নাটকে। আবির ফেরদৌসের রচনায় নাটকটি পরিচালনা করছেন সাহিদ উন নবী। বর্তমানে রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে এর শুটিং। নতুন এই কাজ প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘নাটকটির গল্প ও চরিত্র আমার ভালো লেগেছে। পারিবারিক গল্প হলেও এখানে চরিত্রগুলোর সম্পর্ক, টানাপোড়েন ও ঘটনাপ্রবাহে কিছুটা ভিন্নতা আছে। তাই কাজটি করতে গিয়ে ভালো লাগছে। পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বেশ ভালো।’ ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মাহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একই ধরনের কাজ করতে তার ভালো লাগে না; বরং একজন শিল্পী হিসাবে নানা রকম চরিত্রে নিজেকে উপস্থাপন করাই তার আগ্রহ। বর্তমানে ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও ব্যস্ত এ অভিনেত্রী। সম্প্রতি ‘কর্মফল’সহ একাধিক পারিবারিক গল্পের নাটকে কাজ করেছেন তিনি। পাশাপাশি ‘শহরের নতুন অতিথি’তে শেখ সাদীর সঙ্গে জুটি বেঁধেও অভিনয় করেছেন। কাজের ব্যস্ততা নিয়ে মাহি বলেন, ‘এখন ব্যস্ততা মোটামুটি অনেক। চলতি মাসের শুরু থেকেই নিয়মিত কাজ করছি। সামনে আরও কিছু ভালো কাজ আসছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ এদিকে ১০ অক্টোবর আমেরিকায় অনুষ্ঠিতব্য ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে দেশটিতে যাবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
