টম ক্রুজের ‘ডিগার’ : এক টেকেই ১০ মিনিটের দৃশ্য
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডে অ্যাকশন মানেই যেন টম ক্রুজ। দুঃসাহসী স্টান্ট, কঠিন চরিত্র আর অভিনয়ের নতুন চ্যালেঞ্জ-প্রতিবারই দর্শকদের চমকে দেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার বন্দুক, গাড়ি কিংবা আকাশে ঝাঁপ নয়; টম ক্রুজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রায় ১০ মিনিটের একটি দীর্ঘ মনোলগ। আর পুরো দৃশ্যটি ধারণ করা হয়েছে একটিমাত্র শটে!
সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিগার’-এ নিজের অভিনয়জীবনের অন্যতম কঠিন ও প্রিয় দৃশ্য হিসাবে এ ১০ মিনিটের একটানা দৃশ্যটির কথা জানিয়েছেন ক্রুজ। ভারতীয় অভিনেত্রী অবনীত কৌরের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, দৃশ্যটি ধারণের অভিজ্ঞতা ছিল অনেকটা নাচের মতো-যেখানে অভিনেতা, ক্যামেরা ও পরিচালকের প্রতিটি পদক্ষেপকে নিখুঁতভাবে একে অপরের সঙ্গে মিলিয়ে নিতে হয়েছে।
সিনেমাটির পরিচালক আলেহান্দ্রো ইনিয়ারিতুর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও উঠে এসেছে তার বক্তব্যে। ক্রুজ জানান, এত দীর্ঘ একটি দৃশ্য এক টেকে ধারণ করতে হলে শুধু সংলাপ মুখস্থ থাকলেই চলে না; প্রতিটি মুহূর্ত, শরীরের নড়াচড়া, ক্যামেরার অবস্থান ও দৃশ্যের ছন্দ সম্পর্কে অভিনেতাকে পুরোপুরি সচেতন থাকতে হয়। কয়েক দফা অনুশীলনের পর শেষ পর্যন্ত দৃশ্যটি এক টেকেই ধারণ করা সম্ভব হয়।
তবে চ্যালেঞ্জ শুধু সংলাপেই সীমাবদ্ধ ছিল না। চরিত্রটির চেহারা ও শারীরিক গঠন ফুটিয়ে তুলতে ক্রুজকে পরতে হয়েছে ভারী ‘ফ্যাট স্যুট’। সেই পোশাকের মধ্যেও স্বাভাবিক শরীরী ভাষা ও অভিনয় ধরে রাখা ছিল বাড়তি পরীক্ষা।
ক্রুজের কাছে ‘ডিগার’ আরও বিশেষ একটি কারণে। তিনি জানান, গল্পটি তার পড়া সবচেয়ে মৌলিক গল্পগুলোর একটি। এমন চরিত্রে আগে কখনো অভিনয় করেননি তিনি। তাই নতুন এ অভিজ্ঞতা তাকে যেমন চ্যালেঞ্জ করেছে, তেমনি দিয়েছে অভিনয়ের নতুন আনন্দও। সিনেমাটি ১ অক্টোবর মুক্তি পেয়েছে।
