‘ইনশাআল্লাহ’ নিয়ে আলিয়ার অপেক্ষা
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০১৯ সালে ঘোষণা দিয়েই বলিউডে আলোচনার ঝড় তুলেছিল সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’। কারণ, এ সিনেমায় প্রথমবার জুটি বাঁধার কথা ছিল সালমান খান ও আলিয়া ভাটের। কিন্তু শুটিং শুরুর আগেই সালমান প্রকল্পটি থেকে সরে দাঁড়ালে থমকে যায় সিনেমার যাত্রা। এবার সেই পুরোনো স্বপ্নই নতুন রূপে ফিরতে পারে পর্দায়। ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে ‘ইনশাআল্লাহ’ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছেন বানসালি ও আলিয়া-এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম।
‘মিড-ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির পর ‘ইনশাআল্লাহ’ নিয়ে ফের কাজ করতে পারেন নির্মাতা-অভিনেত্রী জুটি। তবে ২০১৯ সালে ঘোষিত সিনেমাটির আগের সংস্করণ হুবহু ফিরছে না। মূল গল্পের কাঠামো অক্ষুণ্ন রেখে চিত্রনাট্য নতুন করে সাজানো হচ্ছে। ফলে দর্শকের সামনে আসতে পারে আগের পরিকল্পনার চেয়ে ভিন্ন স্বাদের ‘ইনশাআল্লাহ’।
তবে এ সিনেমা নায়ক কে-সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সালমান খান সরে যাওয়ার পর একসময় শাহরুখ খানের নামও আলোচনায় আসে। যদিও এখনো কোনো অভিনেতার নাম চূড়ান্ত হয়নি। বানসালির ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে সিনেমার অভিনয়শিল্পী নির্ধারণ করেন না নির্মাতা।
এদিকে শাহরুখ ‘কিং’-এর পরবর্তী কাজ নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি, অন্যদিকে সালমান ব্যস্ত রাজ-ডিকে’র সিনেমা নিয়ে। তাই গল্পের প্রয়োজনে শেষ পর্যন্ত আরও কম বয়সি কোনো অভিনেতাকেও বেছে নিতে পারেন বানসালি।
অর্থাৎ ‘ইনশাআল্লাহ’র গল্প নতুন করে সাজানোর পাশাপাশি নায়ক নির্বাচনেও থাকছে চমক। আলিয়ার বিপরীতে শেষ পর্যন্ত সালমান, শাহরুখ নাকি নতুন কোনো মুখ-উত্তর মিলবে চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পরই।
