এবার নেটফ্লিক্সে মোশাররফ করিম
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এবার বৈশ্বিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। তার অভিনীত ‘মহানগর’ নামে একটি ওয়েব কনটেন্ট এই ওটিটি প্ল্যাটফর্মটিতে প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা আশফাক নিপুন। এটি এর আগে বাংলা প্ল্যাটফর্ম হইচই-এ স্ট্রিমিং হয়েছে। মূলত হইচই সম্প্রতি নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। এ চুক্তির আওতায় হইচইয়ের নির্বাচিত সিরিজ ও নতুন মৌলিক কনটেন্ট হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে। এ তালিকায় রয়েছে বাংলাদেশের মোশাররফ করিম অভিনীত আলোচিত সিরিজ ‘মহানগর’। আরও রয়েছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোয়েমিয়ান ঘোড়া’। এটি নেটফ্লিক্সে আসবে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে। উল্লেখ্য, ‘মহানগর’ একটি ক্রাইম থ্রিলার। ২০২১ সালে ‘হইচই’-এ মুক্তির পর এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক সাড়া ফেলে। সিরিজের মূল আকর্ষণ ঢাকার একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন, যার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এক রাতের একটি সড়ক দুর্ঘটনা এবং তার পরবর্তী আট ঘণ্টার টানটান উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে এর প্রথম সিজনের গল্প আবর্তিত হয়েছে। সিরিজটিতে পুলিশি ব্যবস্থা, দুর্নীতি, রাজনীতি এবং ক্ষমতার অপব্যবহার অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে মোশাররফ করিমের মুখে ‘দুটি কথা মনে রাখবেন...’ সংলাপটি দর্শকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। পথম পর্বের সাফল্যে পর নির্মিত হয় সিরিজটির দ্বিতীয় সিজন। এটি মুক্তি পায় ২০২৩ সালের ২০ এপ্রিল। প্রথম সিজনের রহস্যময় শেষের পর, দ্বিতীয় সিজনের শুরুতেই দেখা যায় ওসি হারুনকে একটি অজ্ঞাত গোয়েন্দা সংস্থার ইন্টারোগেশন রুমে জেরা করা হচ্ছে, দুই বছর আগের শাঁখারীবাজার থানার একটি রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনা এবং বর্তমানের ঘটনাপ্রবাহকে মিলিয়ে সিক্যুয়েল ও প্রিক্যুয়েলের এক দারুণ মিশ্রণ তৈরি করা হয়েছে এ সিজনে।
