১১ বছর পর ক্যাটনিসরূপে ফিরছেন জেনিফার লরেন্স
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ১১ বছর পর আবারও ক্যাটনিস এভারডিনের চরিত্রে পর্দায় ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। ‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস : সানরাইজ অন দ্য রিপিং’-এ দেখা যাবে তাকে। এ সিনেমায় সাবেক সহ-অভিনেতা জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনও হচ্ছে তার। নতুন সিনেমায় ফিরে আসার অভিজ্ঞতাকে আবেগঘন ও অসাধারণ বলে বর্ণনা করেছেন অভিনেত্রী। সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে হাজির হয়ে জেনিফার জানান, নতুন সিনেমায় কাজ করতে গিয়ে পুরোনো সহকর্মীদের ফিরে পাওয়ার অনুভূতি ছিল অন্যরকম। তার মতে, ক্যামেরা টিম থেকে শুরু করে সহকারী পরিচালক-অনেকেই ছিলেন আগের সিনেমাগুলোর পরিচিত মুখ। জশ ও উডির সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতাও তাকে আবেগাপ্লুত করেছে।
জশের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝাতে জেনিফার বলেন, তারা একে অপরকে জড়িয়ে না ধরে বাথরুমেও যেতেন না। উডি হ্যারেলসনের একটি মজার কাণ্ডের কথাও জানান তিনি। অভিনেত্রী জানান, উডি তার হোটেলকক্ষে জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন। মজা করে জেনিফার বলেন, উডি যদি ব্যক্তিগত সীমারেখার প্রতি শ্রদ্ধা দেখিয়ে দরজা দিয়ে ঢুকতেন, তাহলে আর আগের মতো মনে হতো না!
নতুন সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৬ বছর বয়সি হেইমিচ অ্যাবারনাথিকে ঘিরে। মূল ট্রিলজির ঘটনার ২৪ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে উঠে আসবে ৫০তম হাঙ্গার গেমসের কাহিনি। ‘সেকেন্ড কোয়ার্টার কোয়েল’ নামে পরিচিত এই প্রতিযোগিতায় স্বাভাবিকের দ্বিগুণসংখ্যক প্রতিযোগী অংশ নেয়। প্রতিকূল পরিস্থিতি, ক্যাপিটলের ষড়যন্ত্র এবং জীবনসংগ্রামের মধ্যদিয়ে হেইমিচের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। একপর্যায়ে প্রেসিডেন্ট স্নোর বিরুদ্ধে প্রতিরোধের পথেও এগিয়ে যায় সে।
সুজান কলিন্সের ২০২৫ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন জোসেফ জাডা, জেসি প্লেমন্স, রালফ ফাইনস, গ্লেন ক্লোজ, কিয়েরান কালকিন, এল ফ্যানিং, ম্যাকেনা গ্রেস ও মায়া হক। ২০২৩ সালের ‘দ্য হাঙ্গার গেমস : দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর পর ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সিনেমা এটি। আগামী ২০ নভেম্বর ২০২৬ মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
