মাইকেল জ্যাকসনের সম্পদ কতটা বিস্তৃত
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বসংগীতের ইতিহাসে ‘কিং অব পপ’ হিসাবে অমর হয়ে আছেন মাইকেল জ্যাকসন। গান, নাচ আর পারফরম্যান্সের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনও ছিল তার জীবনের অংশ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ছোট্ট শৈশবের বাড়ি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার বিশাল নেভারল্যান্ড র্যাঞ্চ-জ্যাকসনের সম্পত্তির তালিকায় রয়েছে নানা বৈচিত্র্য। তার জীবনের বিভিন্ন অধ্যায়ের সাক্ষী হয়ে আছে এসব বাড়ি ও প্রাসাদ।
১৯৫০ সালে পরিবারের সঙ্গে ইন্ডিয়ানার গ্যারি শহরের ২৩০০ জ্যাকসন স্ট্রিটের একটি দুই শয়নকক্ষের সাধারণ বাড়িতে থাকতে শুরু করেন মাইকেল। বাবা-মা ও ভাইবোনদের সঙ্গে সেখানেই কেটেছে তার শৈশব। পরে ‘জ্যাকসন ফাইভ’ জনপ্রিয় হয়ে উঠলে পরিবারটি ক্যালিফোর্নিয়ায় চলে যায়।
ক্যালিফোর্নিয়ার এনসিনোতে অবস্থিত হেভেনহার্স্ট ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বাড়ি। ১৯৭১ সালে প্রায় ১ লাখ ৪০ হাজার ডলারে বাড়িটি কেনেন তার বাবা জো জ্যাকসন। আশির দশকের শুরুতে বাবার কাছ থেকে সম্পত্তিটি কিনে সংস্কার করেন মাইকেল। দীর্ঘদিন এটি ছিল জ্যাকসন পরিবারের গুরুত্বপূর্ণ আবাস।
তবে তার সম্পত্তির তালিকায় সবচেয়ে আলোচিত নাম নেভারল্যান্ড র্যাঞ্চ। ১৯৮৮ সালে প্রায় ১ কোটি ৯৫ লাখ ডলারে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টিতে প্রায় ২ হাজার ৭০০ একর জায়গাজুড়ে বিস্তৃত এ সম্পত্তি কেনেন তিনি। পিটার প্যানের কাল্পনিক দ্বীপের নাম অনুসারে এর নাম রাখেন নেভারল্যান্ড। বিশাল প্রাসাদ, অতিথিশালা, ব্যক্তিগত চিড়িয়াখানা, বিনোদন পার্ক, ফেরিস হুইল, ক্যারোসেল, সিনেমাহল, সুইমিং পুল ও টেনিস কোর্ট-সবই ছিল সেখানে। ২০০৫ সালে সেখানে থাকা বন্ধ করেন জ্যাকসন। পরে ২০২০ সালে প্রায় ২ কোটি ২০ লাখ ডলারে সম্পত্তিটি কিনে নেন ব্যবসায়ী রন বার্কল।
নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে চার শয়নকক্ষের বিলাসবহুল অ্যাপার্টমেন্টও ভাড়া নিয়েছিলেন তিনি। ১৯৯৪ সালে সেখানে থাকতে মাসে প্রায় ১ লাখ ১০ হাজার ডলার ভাড়া দিতেন বলে জানা যায়। ম্যানহাটনের আপার ইস্ট সাইডে ছয়তলা একটি টাউনহাউসেও ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ভাড়া ছিলেন তিনি।
লাস ভেগাসেও একাধিক বিলাসবহুল বাড়িতে ভাড়া থেকেছেন এ শিল্পী। জীবনের শেষ সময়ে লস অ্যাঞ্জেলেসের হলম্বি হিলসের একটি প্রাসাদে তিন সন্তান নিয়ে থাকতেন তিনি। মাসে প্রায় ১ লাখ ডলার ভাড়ার সেই বাড়িতেই ২০০৯ সালের ২৫ জুন হৃদরোগে আক্রান্ত হন জ্যাকসন।
এদিকে প্রয়াত এ পপসম্রাটকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পায় চলতি বছরের ২৪ এপ্রিল। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত এ সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই আপন ভাতিজা জাফর জ্যাকসন। মুক্তির পর সিনেমাটি বক্সঅফিসে তুমুল সাড়া ফেলে।
