পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন
একসময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্যের গল্পে চরিত্র হয়ে উঠতেন তারা। সংলাপ, অভিব্যক্তি আর অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাদের কাজের পরিধি। এখন কেউ গল্প বাছছেন, কেউ চিত্রনাট্য তৈরি করছেন, আবার কেউ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে পুরো নির্মাণ প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের বিনোদন জগতেও অভিনেতা-অভিনেত্রীদের পরিচালনায় আসার প্রবণতা নতুন নয়। তবে সময়ের সঙ্গে এ প্রবণতা পেয়েছে নতুন মাত্রা। টেলিভিশন নাটক থেকে সিনেমা, এমনকি ওয়েব কনটেন্টেও অভিনয়শিল্পীদের নির্মাতা হিসাবে আত্মপ্রকাশের ঘটনা দেখা যাচ্ছে। অভিনয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের মতো করে গল্প বলার এ আগ্রহ কতটা বিস্তৃত হচ্ছে, তা নিয়েই এ আয়োজন।
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অভিনয়শিল্পীদের পরিচালনায় আসার বিষয়টি বাংলাদেশের বিনোদন জগতে একেবারে নতুন কোনো ঘটনা নয়। বরং কয়েক দশক ধরেই এ চর্চা চলে আসছে। তবে আগে যেখানে হাতেগোনা কয়েকজন অভিনয়শিল্পী পরিচালনায় যুক্ত হতেন, এখন সেখানে বিভিন্ন প্রজন্মের শিল্পীদের মধ্যে এ আগ্রহ দেখা যাচ্ছে। কেউ নিয়মিত নির্মাণ করছেন, কেউ আবার অভিনয়ের পাশাপাশি বিশেষ কিছু প্রকল্পে পরিচালনার দায়িত্ব নিচ্ছেন।
অভিনয় থেকে পরিচালনায় আসার অন্যতম একজন হচ্ছেন নায়করাজ রাজ্জাক। বাংলা সিনেমার এ মহানায়ক অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনায় অত্যন্ত সফল ছিলেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘অনন্ত প্রেম’। এরপর তিনি ‘বদনাম’, ‘সৎ ভাই’ ও ‘আয়না কাহিনী’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দেন। সোহেল রানাও অভিনেতা হিসাবে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি সিনেমা পরিচালনায় আসেন। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘এপার ওপার’, ‘গুনাহগার’ ও ‘খুনের বদলা’। সৈয়দ হাসান ইমাম এ দেশের সিনেমা ও নাট্যাঙ্গনের গুণী অভিনেতাদের একজন। ১৯৭২ সালে তিনি প্রথম পরিচালনা করেন বিখ্যাত চলচ্চিত্র ‘লালন ফকির’। ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে কবরীও অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনায়ও নিজের নাম লিখিয়েছেন। তার পরিচালিত প্রথম ছবি ছিল ‘আয়না’ এবং পরবর্তী সময়ে সরকারি অনুদানে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাজ শুরু করেছিলেন।
নায়ক আলমগীরও পরিচালনা করেছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘নিষ্পাপ’। ক্যারিয়ারের একদম শুরুতে ১৯৬৩ সালে ‘ধারাপাত’ সিনেমায় অভিনেতা হিসাবে কাজ করেছিলেন আমজাদ হোসেন। কিন্তু পরবর্তী সময়ে পরিচালক হিসাবে কালজয়ী সব সিনেমা উপহার দেন তিনি। পাশাপাশি অভিনয়ও চালিয়ে গেছেন। জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও নির্মাণে যুক্ত হয়েছেন। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘বাবা আমার বাবা’ এবং ‘মায়ের স্বপ্ন’। নায়করাজ রাজ্জাকের ছেলে ও অভিনেতা বাপ্পারাজ তার বাবার মতোই পরিচালকের আসনে বসেছেন। তার পরিচালিত প্রথম ছবি ‘কার্তুজ’। চিত্রনায়িকা রোজিনাও পরিচালনায় এসেছেন।
নাটকের অভিনেতাদের মধ্যে গুণী দুই শিল্পী আবদুল্লাহ আল মামুন ও মামুনুর রশীদ। দুজনেই অভিনয়ের পাশাপাশি নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। মামুনুর রশিদ এখনো নাটক পরিচলনা করেন। আশির দশকের তুমুল জনপ্রিয় রোমান্টিক অভিনেতা আফজাল হোসেন নাটক পরিচালনার পাশাপাশি বাংলাদেশের অন্যতম সেরা একজন বিজ্ঞাপন নির্মাতা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ নাটক এবং সিনেমা দুই মাধ্যমেই পরিচালক হিসাবে বেশ সফল। অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও সালাহউদ্দিন লাভলু পরবর্তী সময়ে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক পরিচালক হিসাবে পরিচিতি পান।
ছোটপর্দার শক্তিমান অভিনেতা জাহিদ হাসান বহু বছর ধরে নাটক ও ধারাবাহিক পরিচালনা করে আসছেন। নিয়মিত অভিনয়ের পাশাপাশি মীর সাব্বির অসংখ্য নাটক পরিচালনা করেছেন। সিনেমা নির্মাণেও দেখা গেছে তাকে। শাহরিয়ার নাজিম জয় অভিনেতা হিসাবে যাত্রা শুরু করে বর্তমানে সিনেমা ও নাটক পরিচালনার পাশাপাশি উপস্থাপনায় তুমুল ব্যস্ত। তালিকার আরেকটি উল্লেখযোগ্য নাম অভিনেতা ও নির্মাতা শামীম জামান। সাম্প্রতিক সময়ে ‘মহানগর’ বা ‘কাইজার’খ্যাত অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানও সিনেমা ও ওটিটি কনটেন্ট পরিচালনায় পা রেখেছেন। অভিনেত্রীদের মধ্যে তানিয়া আহমেদ ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমাসহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন। অভিনেত্রী থেকে নির্মাতা হয়ে ওঠার আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ আফসানা মিমি। নব্বইয়ের দশকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এ শিল্পী ২০০০ সালে ধারাবাহিক নাটক ‘বন্ধন’ নির্মাণের মধ্যদিয়ে পরিচালনায় আসেন। মেহের আফরোজ শাওনও অভিনেত্রী থেকে নির্মাতা হয়েছেন। এ ছাড়া আরও অনেক অভিনেতা-অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নাটক কিংবা সিনেমা পরিচালনায় এসেছেন। বর্তমান প্রজন্মের অনেকেই সেই তালিকায় নাম লেখাচ্ছেন।
প্রশ্ন হচ্ছে, অভিনয়শিল্পীরা কেন পরিচালনায় আসছেন? এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার ফলে তারা গল্প, চরিত্র, সংলাপ ও ক্যামেরার ভাষা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। একজন অভিনেতা চরিত্রের ভেতরের অনুভূতি যেভাবে উপলব্ধি করেন, সেটি পরিচালনার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। দ্বিতীয়ত, নিজের পছন্দের গল্প বলার স্বাধীনতা অনেক শিল্পীকে পরিচালনায় আগ্রহী করে তোলে। অন্যের নির্দেশনায় কাজ করার পাশাপাশি এবার নিজের ভাবনা অনুযায়ী একটি কাজ তৈরি করার সুযোগ পান তারা।
এ ছাড়া টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের বিস্তারও নির্মাণের ক্ষেত্রকে বদলে দিয়েছে। কনটেন্টের ধরন ও দর্শকের রুচিতে পরিবর্তন আসায় নতুন গল্প বলার সুযোগ তৈরি হয়েছে। ফলে অভিনয়ের অভিজ্ঞতা থাকা শিল্পীদের জন্যও নির্মাণের জগতে প্রবেশের আগ্রহ তৈরি হচ্ছে। তবে পরিচালনায় আসা যতটা সহজ মনে হয়, বাস্তবে কাজটি ততটাই চ্যালেঞ্জিং। অভিনয়ের বাইরে চিত্রনাট্য, শিল্পী নির্বাচন, বাজেট, শুটিং ব্যবস্থাপনা, সম্পাদনা ও সামগ্রিক নির্মাণ পরিকল্পনা সামলাতে হয় একজন পরিচালককে।
তবে এটাও ঠিক যে, অভিনয়শিল্পীদের পরিচালনায় আসার প্রবণতা বাড়ছে বলেই সবাই সফল হচ্ছেন, এমন নয়। অভিনয়ে জনপ্রিয়তা থাকলেই পরিচালনায় দক্ষতা তৈরি হয় না। নির্মাণের জন্য প্রয়োজন আলাদা সৃজনশীলতা, ধৈর্য, কারিগরি জ্ঞান ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। যারা এসবের সমন্বয় ঘটাতে পারছেন, তারাই নিজেদের আলাদা পরিচিতি তৈরি করছেন। সুতরাং বলা যায়, বাংলাদেশের বিনোদন জগতে অভিনেতা থেকে নির্মাতা হওয়ার প্রবণতা দীর্ঘদিনের হলেও এখন তা আরও দৃশ্যমান। পুরোনো অভিজ্ঞ শিল্পীরা প্রমাণ করেছেন, ক্যামেরার সামনে ও পেছনে-দুই জায়গায়ই সৃজনশীল অবদান রাখার সুযোগ রয়েছে। অভিনয় তাদের পরিচিতি দিয়েছে, আর পরিচালনা দিয়েছে নিজের মতো করে গল্প বলার স্বাধীনতা। ভবিষ্যতে এ যাত্রায় নতুন প্রজন্মের আরও অভিনয়শিল্পী যুক্ত হন কি না, সেটিই এখন দেখার বিষয়।
