Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

শাকিব খানের দেওয়া তথ্য ভুল

অস্তিত্ব সংকটে পাকিস্তানি সিনেমা

এক সময় দক্ষিণ এশিয়ার সিনেমাজগতে শক্ত অবস্থান ছিল পাকিস্তানের। বছরে শতাধিক সিনেমা নির্মাণ, হাজারের বেশি প্রেক্ষাগৃহ এবং জনপ্রিয় সব তারকার উপস্থিতিতে জমজমাট ছিল দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু সময়ের সঙ্গে সেই জৌলুশ অনেকটাই হারিয়েছে। একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়া, মানসম্মত গল্পের অভাব, নির্মাণ ব্যয় বৃদ্ধি এবং দর্শকদের হলবিমুখতার কারণে সংকটে পড়েছে পাকিস্তানের সিনেমা। অবশ্য মাঝেমধ্যে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমা সেই সংকটের মধ্যেও নতুন আশার আলো দেখিয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নায়ক শাকিব খানের দেওয়া পাকিস্তানের প্রেক্ষাগৃহের সংখ্যা নিয়ে ভুল তথ্যও দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রির প্রকৃত অবস্থা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে।

Icon

এফ আই দীপু

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে সম্প্রতি আগ্রহ প্রকাশ করেন ঢালিউডের অভিনেতা শাকিব খান। এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘পাকিস্তানে বর্তমানে ১ হাজার ২০০টির বেশি সচল প্রেক্ষাগৃহ রয়েছে এবং সেখানে সিনেমা মুক্তি দিলে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা আয় করা সম্ভব।’ তার এ বক্তব্য ঘিরেই শুরু হয় আলোচনা-সমালোচনা। কারণ, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে প্রকাশিত বিভিন্ন সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ২০২৪ সালের এপ্রিলে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, পাকিস্তানে তখন প্রায় ৬০টি প্রেক্ষাগৃহ ও ১৫০টি পর্দা চালু ছিল। অন্যদিকে ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে দেশটির প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে এবং সচল পর্দার সংখ্যা নেমে এসেছে ১১৫টিতে। অর্থাৎ শাকিবের বলা ১ হাজার ২০০টি প্রেক্ষাগৃহের তথ্য বর্তমান বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। বরং আশির দশকের দিকে পাকিস্তানে ১ হাজার ২০০টির বেশি প্রেক্ষাগৃহ ছিল।

পাকিস্তানের সিনেমাশিল্পের ইতিহাস বেশ সমৃদ্ধ। দেশটির সিনেমার প্রধান কেন্দ্র ছিল লাহোর, করাচি ও পেশোয়ার। লাহোরকেন্দ্রিক সিনেমাশিল্পকে বলা হয় ‘ললিউড’। ষাটের দশককে পাকিস্তানি সিনেমার স্বর্ণযুগ হিসাবে বিবেচনা করা হয়। সে সময় রোমান্টিক, সামাজিক, পারিবারিক ও সংগীতনির্ভর সিনেমার ব্যাপক জনপ্রিয়তা ছিল। আশির দশকের শুরুতেও বছরে শতাধিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের নজির ছিল। কিন্তু এরপর ধীরে ধীরে শিল্পটি দুর্বল হতে থাকে। রাজনৈতিক অস্থিরতা, সেন্সরশিপের কঠোরতা, ভিডিও ক্যাসেটের বিস্তার, ভারতীয় সিনেমার সঙ্গে প্রতিযোগিতা এবং বিনিয়োগের অভাব এই পতনের পেছনে বড় ভূমিকা রাখে। ক্রমান্বরে কমনে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যা। এই কমে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, মানসম্মত ও দর্শকপ্রিয় সিনেমার অভাব। প্রেক্ষাগৃহ মালিকদের অভিযোগ, নিয়মিত ভালো সিনেমা না পাওয়ায় প্রেক্ষাগৃহ চালু রাখা কঠিন হয়ে পড়েছে। দ্বিতীয়ত, মাল্টিপ্লেক্সে টিকিটের দাম সাধারণ দর্শকের নাগালের বাইরে চলে গেছে। আগে স্বল্প খরচে সিনেমা দেখার সুযোগ থাকলেও এখন একটি পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া অনেকের জন্য ব্যয়বহুল। অন্যদিকে পুরোনো একক পর্দার প্রেক্ষাগৃহগুলোর পরিবেশ ও অবকাঠামোও দর্শক আকর্ষণ করতে পারছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুতের বাড়তি খরচ, প্রেক্ষাগৃহ পরিচালনার ব্যয় এবং নেটফ্লিক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। ফলে ঘরে বসেই সিনেমা দেখার সুযোগ তৈরি হওয়ায় হলের দর্শক আরও কমেছে। ডনের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানে ৬৭টি প্রেক্ষাগৃহ বন্ধ হয়েছে।

প্রযোজনা ও মুক্তির হিসাবেও পাকিস্তানের সিনেমা এখন আগের অবস্থানে নেই। একসময় বছরে শতাধিক সিনেমা নির্মিত হলেও বর্তমানে পূর্ণদৈর্ঘ্য সিনেমার সংখ্যা ২৫টির নিচে। এর মধ্যে সব সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় না। ২০২৪ সাল ছিল বিশেষভাবে দুর্বল; সে বছর উল্লেখযোগ্য বাণিজ্যিক সাফল্য পাওয়া সিনেমার সংখ্যা ছিল খুবই কম। ২০২৫ সালেও ঈদুল ফিতরে ছয়টি স্থানীয় সিনেমা মুক্তি পেলেও অধিকাংশই দর্শক টানতে পারেনি। চলতি বছরও উল্লেখযোগ্য সংখ্যক কোনো সিনেমা মুক্তি পায়নি দেশটিতে। সম্প্রতি প্রবণতা বলছে, দেশটিতে বছরে দুই ডজনের কম সিনেমা মুক্তি পাওয়াই এখন বাস্তবতার কাছাকাছি।

তবে সংকটের মধ্যেও পাকিস্তানের সিনেমা একেবারে থেমে নেই। বরং কিছু সিনেমা দেশটির শিল্পকে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া পরিচালক বিলাল লাশারির ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’ সেই উদাহরণগুলোর মধ্যে সবচেয়ে বড়। ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি পাকিস্তানি রুপি আয় করে। এটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসাবে পরিচিত। সিনেমাটির আন্তর্জাতিক বাজারে সাফল্য প্রমাণ করে, ভালো গল্প, উন্নত নির্মাণ ও যথাযথ প্রচারণা থাকলে পাকিস্তানি সিনেমার দর্শক রয়েছে দেশের বাইরেও।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে সাফল্যের তালিকায় রয়েছে ২০২৫ সালের ‘লাভ গুরু’ ও ‘দিমাক’। হুমায়ুন সাঈদ ও মাহিরা খান অভিনীত ‘লাভ গুরু’ বিশ্বব্যাপী প্রায় ৮২ কোটি পাকিস্তানি রুপি আয় করে। অন্যদিকে ফয়সাল কুরেশি ও সোনিয়া হুসাইন অভিনীত ভৌতিক সিনেমা ‘দিমাক’ও দর্শকদের ভালো সাড়া পায়। ২০২৫ সালে মুক্তি পাওয়া ১৩টি পাকিস্তানি সিনেমার মধ্যে এ দুটি সিনেমাই উল্লেখযোগ্য বাণিজ্যিক সাফল্য অর্জন করে। তবে ‘নিলোফার’-এর মতো আলোচিত সিনেমাও প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি।

২০২৬ সাল অর্থাৎ চলতি বছর পাকিস্তানি সিনেমার জন্য এসেছে নতুন সাফল্য। ফাহাদ মোস্তফা ও মাহিরা খান অভিনীত ‘আগ লাগে বস্তি মে’ বিশ্বব্যাপী ১০০ কোটি পাকিস্তানি রুপির বেশি আয় করেছে বলে বিভিন্ন বক্স অফিস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি সাম্প্রতিক সময়ে পাকিস্তানি সিনেমার বড় বাণিজ্যিক অর্জনগুলোর একটি। অবশ্য পাকিস্তানে সব সিনেমার আয় নিয়ে কেন্দ্রীয়ভাবে প্রকাশিত নিরীক্ষিত কোনো হিসাব নেই। তাই বলা যায়, পাকিস্তানের সিনেমাশিল্প এখন সম্ভাবনা ও সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে প্রেক্ষাগৃহ কমছে, অন্যদিকে বছরে সিনেমা নির্মাণ ও মুক্তির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। আবার ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’, ‘লাভ গুরু’ কিংবা ‘আগ লাগে বাস্তি মে’-এর মতো সিনেমা প্রমাণ করছে, দর্শক ভালো সিনেমা পেলে এখনো হলমুখী হন।

এদিকে পাকিস্তানি সিনেমার জনপ্রিয়তার ইতিহাসে বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ষাট ও সত্তরের দশকে ওয়াহিদ মুরাদ ছিলেন দেশটির সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক নায়কদের একজন। ‘আরমান’, ‘হীরা আউর পাথর’ ও ‘আন্দালিব’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তার স্টাইল ও অভিনয়ের কারণে তাকে বলা হতো ‘চকলেট হিরো’। একই সময়ে মোহাম্মদ আলী ও নাদিম বেগও ছিলেন জনপ্রিয় তারকা। ‘চিরাগ জলতা রহা’, ‘আইনা’ ও ‘চাকোরি’ তাদের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। আশি ও নব্বইয়ের দশকে সুলতান রাহি হয়ে ওঠেন পাঞ্জাবি সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়ক। ‘মওলা জাট’ সিনেমায় তার অভিনয় আজও পাকিস্তানি সিনেমার ইতিহাসে স্মরণীয়। নায়িকাদের মধ্যে শবনম (বর্তমানে বাংলাদেশি), জেবা, বাবরা শরিফ, রানি ও আঞ্জুমানের জনপ্রিয়তাও ছিল আকাশচুম্বী। তাদের অভিনীত ‘আইনা’, ‘মেরা নাম হ্যায় মহব্বত’ ও ‘চুড়িয়া’ দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল।

বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন ফাওয়াদ খান, হুমায়ুন সাঈদ, ফাহাদ মোস্তফা, শান শাহিদ ও বিলাল আশরাফ। তাদের মধ্যে ফাওয়াদ খান আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’ তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। হুমায়ুন সাঈদ ‘জাওয়ানি ফির নেহি আনি’, ‘পাঞ্জাব নেহি জাউঙ্গি’ ও ‘লাভ গুরু’ দিয়ে বাণিজ্যিক সিনেমায় নিজের অবস্থান শক্ত করেছেন। ফাহাদ মোস্তফাও ‘নামালুম আফরাদ’ ও ‘আগ লাগে বাস্তি মে’ দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। অন্যদিকে মাহিরা খান, মেহবিশ হায়াত, সায়রা ইউসুফ, সোনিয়া হুসাইন, হানিয়া আমির ও রামশা খান বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী। ‘হামসফর’, ‘ভার্না’, ‘পাঞ্জাব নেহি জাউঙ্গি’ ও ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে মাহিরা খান বিশেষ পরিচিতি পেয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাকিব খানের দেওয়া তথ্য ভুল অস্তিত্ব সংকটে পাকিস্তানি সিনেমা

অস্তিত্ব সংকটে পাকিস্তানি সিনেমা

১৪ বছর আগেই বন্ড হওয়ার স্বপ্ন দেখেছিলেন প্যাটিনসন

১৪ বছর আগেই বন্ড হওয়ার স্বপ্ন দেখেছিলেন প্যাটিনসন

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে পুরস্কার

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে পুরস্কার

আজ মঞ্চে হুমায়ূন আহমেদের নাটক

আজ মঞ্চে হুমায়ূন আহমেদের নাটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম