নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ
সাহিদ আহমেদ
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রোতানন্দিত নজরুলসংগীতশিল্পী ড. সম্পা দাস। টিভির পর্দায় কিংবা রেডিওতে নিয়মিত শোনা যায় তার কণ্ঠ। পরিবেশনার ভিন্নতায় নজরুলের চিরচেনা গানেও তিনি মেশান আলাদা মাধুর্য। তবে মঞ্চ আর পর্দার আড়ালে আরেক সাধনায় দুই দশকেরও বেশি সময় ধরে নীরবে ডুবে আছেন তিনি। সমাজের অধিকাংশের কাছে নজরুল এখনো শুধুই ‘বিদ্রোহী কবি’ কিংবা প্রেমের গানের স্রষ্টা। অথচ তার ২২ বছরের সৃষ্টিজীবনের ১৩ বছরেরও বেশি সময় জুড়ে রচিত বিপুল সংগীত-সাহিত্যের বড় অংশই আজও অনালোকিত-অনাস্বাদিত। সেই গানের ভেতরের দর্শন তুলে আনতেই সম্পার এই কর্মযজ্ঞ। ১২-১৪ বছরের পরিশ্রমে লেখা তার জীবনব্যাপী কাজ ‘নজরুলের সংগীত সাহিত্য : অনালোকিত নানা প্রসঙ্গ’ এখন প্রকাশের অপেক্ষায় রয়েছে।
ড. সম্পা দাসের শিকড় ঢাকায়। শিক্ষক পরিবারের সন্তান তিনি, তার বাবাও ছিলেন শিক্ষক। শৈশবে সংস্কৃতিচর্চা শুরু হয় নাচ দিয়ে। পঞ্চম শ্রেণিতে মেধাতালিকায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেন। অষ্টম শ্রেণিতে উঠে নাচের জায়গায় মন দেন নজরুল সংগীতে, ভর্তি হন ছায়ানটে। তিনি জানান, নাচের মহড়ায় ‘শুকনো পাতায় নূপুর পায়ে’ কিংবা ‘মোমের পুতুল’-এর মতো গানের সুর আর ছবির মতো কথা শৈশবেই তার মনে নজরুলের প্রতি গভীর ভালোবাসা জাগিয়েছিল। সেই ভালোবাসাই পরে হয়ে ওঠে জীবনের মূল সাধনা।
পড়াশোনায়ও সম্পা ছিলেন অনন্য। ১৩ বছর বয়সে এসএসসি পাস করেন, আর ২২ বছর ২ মাস বয়সে শিক্ষক হিসাবে যোগ দেন লালমাটিয়া সরকারি কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। পরপরই সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যবই লেখেন। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। নিজের সিদ্ধান্তে অটল থেকে তিনি লালমাটিয়া কলেজেই শিক্ষকতা চালিয়ে যান। এখনো সেখানে শিক্ষকতার পাশাপাশি বিভাগীয় প্রধান হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন।
গান গাওয়ার পাশাপাশি নজরুলের সংগীত-সাহিত্যকে গবেষণার জায়গায় প্রতিষ্ঠা করাই ড. সম্পা দাসের প্রধান ব্রত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসার আহমেদের অধীনে তিনি ‘নজরুল গানের চিত্রকল্প’ প্রেম, দ্রোহ ও সমাজভাবনা শিরোনামে মৌলিক গবেষণা শেষ করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেই গবেষণাটি বই হিসাবে কথাপ্রকাশ প্রকাশনী থেকে বের হয়। তার বেশ কিছু বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বই ‘নজরুলের সংগীত সাহিত্য : অনালোকিত নানা প্রসঙ্গ’ প্রকাশের অপেক্ষায় আছে মাওলা ব্রাদার্স থেকে। এ নিয়ে ড. সম্পা দাস বলেন, ‘নজরুলের গান কেবলই বিনোদনের জন্য নয়। সুরের মধ্য দিয়ে তিনি চিরকালের সাহিত্য গড়ে গেছেন।’ দু-একটি গান গেয়ে নামের পাশে ‘নজরুল গবেষক’ তকমা জুড়ে নেওয়ার চলতি প্রবণতার তিনি তীব্র বিরোধী। তিনি বলেন, ‘নজরুলকে জানতে হলে চাই সত্যিকারের জ্ঞান, বিশ্লেষণ আর দর্শন।’
একসময় অভিনয়ে নিয়মিত মুখ ছিলেন ড. সম্পা দাস। পাঁচ-সাত বছর আগেও চার-পাঁচটি জনপ্রিয় মেগা ধারাবাহিকে নিয়মিত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন। তিনি জানান, নজরুল চর্চার প্রতি গভীর টান, নিষ্ঠা আর শিক্ষকতার প্রতি পূর্ণ দায়বদ্ধতা থেকেই অভিনয়ের ঝলমলে জগৎকে চিরতরে বিদায় জানিয়েছেন।
সিনেমার গানে তার কণ্ঠে নজরুলের সুর ও নিজের মৌলিক গান বেশ সমাদর পেয়েছে। তার গাওয়া নিজস্ব পরিচিত মৌলিক গান ‘ভেজা শালিক’। সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। ছটকু আহমেদের ‘আহারে জীবন’-এ ‘আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাস মোর গান’ এবং রাশীদ পলাশের ‘রংবাজার’-এ ‘জোছনা করেছে আড়ি, আসেনা আমার বাড়ি’ গানগুলোও শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
গোলাম রাব্বানীর ‘সুরত’ সিনেমায় ‘কী সুরত বানাইলা খোদা রূপ মিশাইয়া আপনার’ গানটি গাওয়ার অভিজ্ঞতা তার কাছে অনন্য। সম্পা বলেন, ‘মসৃণ ক্লাসিক্যাল ঢংয়ে না গিয়ে শুধুমাত্র দোতরার উপরে গান করেছি’। করুণ সুরে এক আধুনিক জীবনের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে একনারীর বুকভাঙা কষ্ট ফোটাতে টানা ৮ মাস সাধনা করেছেন। শেষে একদম ‘র’ ও ভাঙা গলায় গানটি সরাসরি রেকর্ড করেন।
নজরুলের গানের রাগ-রাগিনী ও দৃশ্যের ব্যাখ্যায়ও সম্পা দাসের গভীর জ্ঞানের পরিচয় মেলে। যেমন ‘নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়’ গানে নীলাম্বরী রাগের সার্থক ব্যবহারে প্রেম ও বেদনা কাব্যিকভাবে মিশেছে। আবার ‘কেন কাদে পরান, কি বেদনায় কারে কহে’ গানে তিনটি রাগে বিরহের নানা রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এসব গভীর দিক তিনি তুলে ধরেন।
নজরুলকে সাধারণ বৃত্তের বাইরে এনে তার ১৩ বছরের সুরসৃষ্টির আসল বৈচিত্র্য, অর্থাৎ বিদ্রোহ, ভক্তি, শ্যামাসংগীত, কীর্তন, সুফি দর্শন ও প্রতিবাদী চেতনার নানা রূপ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই নিজের স্বপ্ন বলে জানিয়েছেন ড. সম্পা দাস। তিনি বলেন, ‘নজরুলের এই অচেনা সুরের জগৎ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।’ প্রচার বা লৌকিকতার তোয়াক্কা না করে তিনি নিজের আড়ালেই নজরুল সংগীত-সাহিত্যের এ সুরের সাগরে ডুব দিয়ে চলেছেন। খ্যাতির মোহে না জড়ানো এই নীরব পথচলাই তাকে নজরুলচর্চায় আলাদা এক উচ্চতায় নিয়ে গেছে।
