যাত্রানট মিলন কান্তি দে’র আত্মজীবনী প্রকাশ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের প্রখ্যাত যাত্রাশিল্পী মিলন কান্তি দে। একাধারে তিনি অভিনেতা, নির্দেশক, সংগঠক ও পালাকার। সম্প্রতি এ সংস্কৃতিব্যক্তিত্ব আত্মজীবনী প্রকাশ করেছেন। নাম রেখেছেন ‘আমি যে এক যাত্রাওয়ালা।’ এটি প্রকাশ করেছে নবান্ন প্রকাশনী। ১৯৬৬ সালে ১৮ বছর বয়সে মিলন কান্তি দে যাত্রায় এসেছেন। দীর্ঘ ৬০ বছরের দীর্ঘ অভিজ্ঞতার বর্ণাঢ্য জীবনকাহিনি তিনি তুলে ধরেছেন এ গ্রন্থে। যাত্রাশিল্পীদের বেঁচে থাকার মরণপণ লড়াই, রাজপথে সংগ্রাম আন্দোলন, মুক্তিযুদ্ধে লেখকের মরতে মরতে বেঁচে ওঠা, যাত্রাদলের ছেলেমেয়েদের নিয়ে পাঠশালা খোলা- এসবই উঠে এসেছে এ আত্মজীবনীতে। অমলেন্দু বিশ্বাস, তুষার দাশগুপ্ত প্রমুখ বরেণ্য যাত্রানটের অভিনয় জীবনের সঙ্গে বইতে স্থান পেয়েছে রামেন্দু মজুমদার, মামুনুর রশীদের সঙ্গে লেখকের সান্নিধ্যের স্মৃতি কথাও। ভূমিকা লিখেছেন কবি প্রাবন্ধিক গবেষক ড. আমিনুর রহমান সুলতান। উল্লেখ্য, যাত্রাশিল্পে এটাই প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ।
