প্রযুক্তিনির্ভর মার্সিডিজ-বেঞ্জ জিএলবি ২০২৭
Advertisement
মো. আবদুস সালিম
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লাক্সারি কমপ্যাক্ট এসইউভির বাজারে নতুন প্রজন্মের প্রযুক্তি ও ব্যবহারিক সুবিধা নিয়ে আসছে মার্সিডিজ-বেঞ্জ জিএলবি ২০২৭। সাত আসনের এ গাড়িতে থাকছে মাইল্ড-হাইব্রিড পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি শতভাগ বৈদ্যুতিক সংস্করণ। বড় ক্যাবিন, দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ এবং দ্রুত চার্জিং সুবিধার কারণে নতুন জিএলবি আগের প্রজন্মের তুলনায় আরও আধুনিক হয়ে উঠেছে।
ইঞ্জিনে হাইব্রিড প্রযুক্তি : জিএলবি ২০২৭-এর বিভিন্ন সংস্করণে থাকছে ভিন্ন ক্ষমতার পাওয়ারট্রেন। জিএলবি ৪৫০ মডেলে রয়েছে ৩.০ লিটার টার্বোচার্জড ইনলাইন-সিক্স ইঞ্জিন। এর সঙ্গে যুক্ত ৪৮ ভোল্টের মাইল্ড-হাইব্রিড সিস্টেম ও ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর। এ সেটআপ থেকে প্রায় ৩৭৫ হর্সপাওয়ার শক্তি এবং ৪১৩ পাউন্ড-ফুট টর্ক পাওয়া যায়। অন্যদিকে, জিএলএস ৫৮০ সংস্করণে রয়েছে ফ্ল্যাট-প্লেন ক্র্যাঙ্ক ভি-৮ টুইন-টার্বো ইঞ্জিন, যা প্রায় ৫৩০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে গাড়ির শক্তি পুনরুদ্ধার ও দক্ষতা বাড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
এক চার্জে ৬৩১ কিলোমিটার : বৈদ্যুতিক সংস্করণের জিএলবি ২৫০+ এবং জিএলবি ৩৫০ মডেলে রয়েছে উচ্চক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি। মূল সংস্করণগুলোতে প্রায় ৮৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। জিএলবি ২০০-এর জন্য প্রায় ৫৮ কিলোওয়াট-আওয়ার লিথিয়াম-আয়রন ফসফেট ব্যাটারির বিকল্পও রয়েছে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ৮০০ ভোল্টের বৈদ্যুতিক আর্কিটেকচার। ফলে সর্বোচ্চ প্রায় ৩২০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সমর্থন করে। মাত্র ১০ মিনিট চার্জে প্রায় ২৬০ কিলোমিটার পর্যন্ত অতিরিক্ত ড্রাইভিং রেঞ্জ পাওয়া যেতে পারে। বৈদ্যুতিক সংস্করণের সর্বোচ্চ রেঞ্জ প্রায় ৬৩১ কিলোমিটার।
বাড়ছে ক্যাবিনের জায়গা : নতুন জিএলবি আগের মডেলের তুলনায় আকারেও বড়। হুইলবেস প্রায় ৬০ মিলিমিটার এবং বডির দৈর্ঘ্য প্রায় ৯৮ মিলিমিটার বাড়ানো হয়েছে। ফলে সাত আসনের ক্যাবিনে যাত্রীদের জন্য জায়গা বেড়েছে। মডেল ও ভেরিয়েন্ট অনুযায়ী গাড়িটির দৈর্ঘ্য প্রায় ৪,৬৩৪ থেকে ৪,৬৫০ মিলিমিটার। প্রস্থ প্রায় ১,৮৩৪ মিলিমিটার এবং হুইলবেস প্রায় ২,৮২৯ মিলিমিটার।
ড্যাশবোর্ডে প্রযুক্তির ছোঁয়া :< গাড়ির অভ্যন্তরে রয়েছে মার্সিডিজ-বেঞ্জের নতুন প্রজন্মের ইনফোটেইনমেন্ট ও মাল্টিমিডিয়া প্রযুক্তি। বড় সুপারস্ক্রিনের পাশাপাশি ভয়েস কন্ট্রোলে যুক্ত হয়েছে গুগল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা। ফলে চালক ও যাত্রীরা গাড়ির বিভিন্ন ফাংশন সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। নিরাপত্তার জন্য রয়েছে পাঁচটি রাডার ও ১২টি আলট্রাসনিক সেন্সর। সঙ্গে থাকছে ড্রাইভিং অ্যাসিস্ট, অটো লেন চেঞ্জিং এবং পার্কিং অ্যাসিস্ট ৩৬০-এর মতো আধুনিক ফিচার।
রঙেও বৈচিত্র্য : বাহ্যিক রঙের তালিকায় রয়েছে পোলার হোয়াইট, নাইট ব্ল্যাক, কসমস ব্ল্যাক মেটালিক, সিরাস সিলভার মেটালিক, মাউন্টেইন গ্রে মেটালিক, স্টারলিং ব্লু মেটালিক ও পেটাগনিয়া রেড মেটালিকসহ বিভিন্ন অপশন। অভ্যন্তরে ব্ল্যাক-ব্রাউন, ক্লাসিক রেড/ব্ল্যাক ও সেজ গ্রে/ব্ল্যাক রঙের সমন্বয় পাওয়া যাবে। পাশাপাশি ৬৪ রঙের এলইডি অ্যাম্বিয়েন্ট লাইটিং ক্যাবিনে যোগ করবে আলাদা আবহ।
বাজারে আসছে ধাপে ধাপে : আন্তর্জাতিক বাজারে জিএলবি ২০২৭-এর বিভিন্ন সংস্করণ ধাপে ধাপে আসছে। ইউরোপে ২০২৫ সালের শেষদিকে কিছু সংস্করণের প্রি-অর্ডার শুরু হয়। কানাডায় বৈদ্যুতিক সংস্করণ ২০২৬ সালের শেষ দিকে বাজারে আসার কথা।
