এমজির ২ নিউ এনার্জি গাড়ি
Advertisement
জাকির হোসেন সরকার
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের বাজারে নতুন দুই নিউ এনার্জি গাড়ি উন্মোচন করেছে এমজি বাংলাদেশ। মডেল দুটি হলো-প্লাগ-ইন হাইব্রিড এসইউভি এমজি এস৯ পিএইচইভি এবং সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এমজি এস৬ ইভি। নতুন মডেল দুটির মাধ্যমে দেশের বাজারে এমজির নিউ এনার্জি গাড়ির পরিসর আরও বিস্তৃত হলো। সাত আসনের এমজি এস৯ পিএইচইভিতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন, বৈদ্যুতিক মোটর ও ২৪.৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি। গাড়িটি ১০০ কিলোমিটারের বেশি বৈদ্যুতিক ড্রাইভিং রেঞ্জ এবং পূর্ণ চার্জ ও জ্বালানি ট্যাংকে ১ হাজার কিলোমিটারের বেশি মোট ড্রাইভিং রেঞ্জ দিতে পারে। ৪ হাজার ৯৮৩ মিলিমিটার দীর্ঘ এস৯-এর হুইলবেস ২ হাজার ৯১৫ মিলিমিটার। তিন সারির কেবিনে প্রাপ্তবয়স্কদের বসার সুবিধার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় সারি ভাঁজ করলে লাগেজ ধারণক্ষমতা দাঁড়ায় ২ হাজার ৯৩ লিটার। এতে প্যানোরামিক সানরুফ, ম্যাসাজ সুবিধাযুক্ত সামনের আসন, তিন-অঞ্চল জলবায়ু নিয়ন্ত্রণ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও এমজি অটো পাইলট রয়েছে। অন্যদিকে, এমজি এস৬ ইভিতে রয়েছে ৭৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ১৮০ কিলোওয়াট মোটর ও ৩৫০ নিউটন-মিটার টর্ক। ডব্লিউএলটিপি অনুযায়ী গাড়িটির সর্বোচ্চ রেঞ্জ ৫৩০ কিলোমিটার। প্রথম ১০০ ইউনিটে এস৯ পিএইচইভির দাম ৬৩.৯ লাখ এবং এস৬ ইভির দাম ৫৩.৯ লাখ টাকা। উভয় গাড়ির সঙ্গে দুটি ১১ কিলোওয়াট হোম চার্জার ও ৮ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
