ভবিষ্যৎ প্রযুক্তির বিস্ময় জিকর ৯এক্স-২০২৭
Advertisement
মো. আবদুস সালিম
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তি, আভিজাত্য ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে বিলাসবহুল এসইউভির বাজারে আলোচনায় এসেছে জিকর ৯এক্স-২০২৭। চীনা ব্র্যান্ড জিকরের এ প্লাগ-ইন হাইব্রিড এসইউভি আধুনিক প্রযুক্তি, রাজকীয় ডিজাইন ও স্মার্ট কেবিনের মাধ্যমে প্রিমিয়াম গাড়ির প্রচলিত ধারণায় নতুন মাত্রা যোগ করেছে। রেঞ্জ রোভার ও বিএমডব্লিউ এক্স৭-এর মতো বিলাসবহুল গাড়ির সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে এটি।
জিকর ৯এক্সে রয়েছে ২ লিটারের টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি হাইব্রিড পাওয়ারট্রেন। সর্বোচ্চ সংস্করণে গাড়িটি প্রায় ১ হাজার ৪০১ হর্সপাওয়ার শক্তি ও ১ হাজার ৪১০ নিউটনমিটার টর্ক উৎপাদনে সক্ষম। মাত্র তিন সেকেন্ডে ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে বলে দাবি করা হয়েছে।
৫৫.১ ও ৭০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি বিকল্পে পাওয়া যায় গাড়িটি। বৈদ্যুতিক শক্তিতে সর্বোচ্চ প্রায় ৩৮০ কিলোমিটার চলার সক্ষমতা রয়েছে। হাইব্রিড ব্যবস্থায় একবার জ্বালানি ও ব্যাটারি পূর্ণ চার্জে দীর্ঘপথ পাড়ি দেওয়ার সুবিধাও রয়েছে। উন্নত এয়ার সাসপেনশন যাত্রাকে করে আরও মসৃণ ও আরামদায়ক।
স্মার্ট কেবিনে রাজকীয় বিলাসিতা : তিন সারির আসনসহ পাঁচ ও ছয় আসনের বিন্যাসে পাওয়া যায় জিকর ৯এক্স। পেছনের যাত্রীদের জন্য রয়েছে জিরো-গ্রাভিটি রিক্লাইনিং আসন। নাপা লেদারের অভ্যন্তরীণ সাজসজ্জা, ১৬ ইঞ্চির কেন্দ্রীয় ডিসপ্লে, যাত্রীদের জন্য পৃথক স্ক্রিন, ৪৭ ইঞ্চির এআর-এইচইউডি এবং ৩২ স্পিকারের সাউন্ড সিস্টেম কেবিনকে করেছে প্রযুক্তিনির্ভর।
নিরাপত্তায় রয়েছে শক্তিশালী বডি কাঠামো, উন্নত ক্র্যাশ সুরক্ষা ও ব্যাটারির জন্য একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা। আধুনিক সেন্সর ও স্মার্ট নিয়ন্ত্রণব্যবস্থা চালকের অভিজ্ঞতাকে আরও সহজ করার লক্ষ্যেই তৈরি।
বিশ্ববাজারে বাড়ছে চাহিদা : চীনের পাশাপাশি ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অন্যান্য আন্তর্জাতিক বাজারেও জিকরের সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে। বিলাসবহুল হাইব্রিড এসইউভির ক্রমবর্ধমান চাহিদা ব্র্যান্ডটির বাজার সম্ভাবনা বাড়াচ্ছে।
সীমাবদ্ধতাও রয়েছে : প্রায় তিন টন ওজন ও ৫.২ মিটার দৈর্ঘ্যরে কারণে সরু রাস্তা ও পার্কিংয়ে গাড়িটি চালানো কিছুটা কঠিন হতে পারে। বড় আকারের ব্যাটারি, একাধিক মোটর এবং উন্নত প্রযুক্তির কারণে রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশে তৃতীয় পক্ষের মাধ্যমে আমদানি করা গাড়ির ক্ষেত্রে ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, আধুনিক প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স ও বিলাসবহুল অভিজ্ঞতার সমন্বয়ে জিকর ৯এক্স-২০২৭ নিঃসন্দেহে প্রিমিয়াম এসইউভির বাজারে একটি আকর্ষণীয় সংযোজন।
