এআইয়ের চাপে ক্যানভা কর্মী ছাঁটাই
আইটি ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একসময় ডিজাইনকে সহজ ও সবার নাগালে নিয়ে আসার মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল অনলাইন গ্রাফিকস প্ল্যাটফর্ম ক্যানভা। কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবার সেই প্রতিষ্ঠানকেই বড় ধরনের পুনর্গঠনের পথে ঠেলে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব, পণ্য উন্নয়নের ব্যয় এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার মধ্যে ২২ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে অস্ট্রেলীয় প্রতিষ্ঠানটি। ক্যানভার সহপ্রতিষ্ঠাতা ও সিইও মেলানি পারকিনস জানিয়েছেন, ৩৭টি দেশে থাকা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ২৭১ জন কর্মী এ সিদ্ধান্তের প্রভাবে পড়বেন। কারও চাকরি যাবে, কাউকে অন্য স্থানে স্থানান্তর কিংবা দায়িত্ব পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে। পারকিনসের ভাষায়, প্রতিষ্ঠানের ১৩ বছরের ইতিহাসে এটি সবচেয়ে কঠিন মুহূর্ত। শুধু কর্মী ছাঁটাই নয়, কার্যক্রমেও বড় পরিবর্তন আনছে ক্যানভা। আগামী বছর থেকে হাইব্রিড পদ্ধতিতে কাজ করা কর্মীদের সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি পণ্য উন্নয়ন দলের প্রধান কর্মস্থল হবে অস্ট্রেলিয়ার সিডনি। এদিকে এআই প্রযুক্তিতে বিনিয়োগের বাড়তি ব্যয় এবং বাজারের অনিশ্চয়তায় প্রতিষ্ঠানটির মূল্যায়নও কমেছে। গত বছর ৬ হাজার কোটি অস্ট্রেলীয় ডলার থেকে কমে তা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৯০০ কোটি ডলারে। প্রযুক্তি যে শুধু নতুন ব্যবসার সুযোগ তৈরি করছে না, বরং প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মসংস্থান ও ব্যবসায়িক কাঠামোও বদলে দিচ্ছে, ক্যানভার সিদ্ধান্ত তারই একটি উল্লেখযোগ্য উদাহরণ।
