মতলবে জেটি থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
রাঙ্গুনিয়ায় বন্ধুর সঙ্গে বেরিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
ডামুড্যা ও ভাঙ্গায় পানিতে ডুবে দুজনের মৃত্যু
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙ্গুনিয়ায় বন্ধুর সঙ্গে বেরিয়ে খালে ডুবে প্রাণ হারিয়েছে মাদ্রাসাছাত্র। মতলব উত্তরে লঞ্চের জেটি থেকে নামার সময় নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে ডামুড্যায় নারী ও ভাঙ্গায় শিশুর মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজখালী খালে পড়ে মুহাম্মদ মিনহাজ (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ ওই এলাকার মুহাম্মদ ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। সকালে বাড়িতে সাইকেল রেখে এক বন্ধুর সঙ্গে বের হয়েছিল মিনহাজ। রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে পানিতে পড়ে যায়। চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল লঞ্চঘাট লঞ্চ জেটিতে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ মো. রবিনের (৩৬) লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার জেলা ডুবুরি দলের সদস্যরা লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত রবিন শরীয়তপুরের নড়িয়ার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর মোল্লাবাড়ি এলাকায়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার সকালে মতলব উত্তরের ষাটনল লঞ্চ ঘাটের জেটিতে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে রবিন নিখোঁজ হন। শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরভয়রা এলাকায় জয়ন্তী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ঠান্ডারবাজার এলাকায় তার লাশ ভেসে উঠে। তিনি পূর্ব ডামুড্যা ইউনিয়নের বিল্লাল ব্যাপারীর স্ত্রী। শুক্রবার গোসলে গিয়ে তিনি পানিতে ডুবে যান। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাজরাহাটি গ্রামে শনিবার পানিতে ডুবে সুমাইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সুমাইয়া ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের শামীমের মেয়ে। দুপুরে সুমাইয়া ও আরও দুই শিশু মিলে বাড়ির সামনে ডোঙ্গা নিয়ে বর্ষায় জমে থাকা পানিতে গোসলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ডোঙ্গা থেকে সুমাইয়া পানিতে পড়ে যায়। শিশুরা বাড়িতে এসে বিষয়টি জানালে এলাকার লোকজন সুমাইয়ার লাশ উদ্ধার করে।
