দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ
দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ফারুককে অব্যাহতি
Advertisement
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদ। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এম এ জিন্নাহ্। গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেই সঙ্গে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের জন্য কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার মল্লিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ পরিচালনা পর্ষদের এক সদস্য বলেন, সাবেক অধ্যক্ষ ফারুক আহমেদের নানা অনিয়মের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। তিনি বেতন তোলেন মহিলা কলেজ থেকে, কাজ করেন ওনার বাবার নামীয় মাফিজ উদ্দিন তালুকদার কলেজের হয়ে। মহিলা কলেজকে অচল করে রাখার পাঁয়তার করে যাচ্ছেন প্রতিনিয়ত। অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
