তাহিরপুরে ছাত্রীকে বাসায় ডেকে তালা দিয়ে যৌন হয়রানি
Advertisement
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তাহিরপুরে কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে কলেজের শরীরচর্চা শিক্ষক রফিকুল ইসলাম ওরফে কারি রফিকের বিরুদ্ধে। তিনি উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ের জনক।
অভিযোগ উঠেছে, মঙ্গলবার দুপুরে কলেজের সমস্যা নিয়ে কথা বলার জন্য রফিক এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে মুঠোফোনে কল করে বাদাঘাটের কামড়াবন্দ গ্রামে তার বাসায় ডেকে নেন। সেখানে বাসার গেটে তালা দিয়ে তাকে একটি কক্ষে আটকে রেখে আপত্তিকর প্রস্তাব ও যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। এরপর ওই ছাত্রী শিক্ষকের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি বাসার গেটে তালা দিয়ে বাদাঘাট বাজারে চলে যান। পরে ওই ছাত্রী মুঠোফোনে সহপাঠীদের কাছে উদ্ধারের আকুতি জানান। খবর পেয়ে সহপাঠী ও স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন বলে স্থানীয়রা জানান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
মঙ্গল ও বুধবার শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আক্তার বলেন, কলেজ পরিচালনা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ঘটনার পর তার মেয়ের চরিত্রহননের চেষ্টা চলছে এবং এতে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার শঙ্কা তৈরি হয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহম্মেদ বলেন, ভিকটিমের পরিবার আইনগত সহায়তা চাইলে পুলিশি সহায়তা পাবেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে রফিকুল ইসলামের বক্তব্য জানতে মঙ্গল ও বুধবার তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি।
