বরিশাল বীরগঞ্জ ও শাজাহানপুরে তিন লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল, বগুড়ার শাজাহানপুর ও দিনাজপুরের বীরগঞ্জে তিন লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান-
বরিশালে নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর চরআবদানী এলাকা থেকে লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার শিকদার। তিনি বলেন, বেলতলা খেয়াঘাটসংলগ্ন চরআবদানী নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে।
বগুড়ায় শাজাহানপুরে সাজ্জাদ আলী নামে এক মাছ শিকারির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তার বাবার নাম আবেদ আলী। তিনি মঙ্গলবার রাতে মাছ শিকারের জন্য বগুড়া সদরের ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন জমিতে গিয়েছিলেন। বুধবার সকালে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, মাছ শিকার করতে গিয়ে কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর প্রশান্ত রায় নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রশান্ত উপজেলার বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। বুধবার বিকালে উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ১ অক্টোবর বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি প্রশান্ত। বুধবার দুপুরে এলাকার এক নারী ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত লাশটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মৃতের বাবা বলেন, ছেলেকে হত্যার পর ধানখেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
