আগৈলঝাড়া ও নিয়ামতপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ইটনায় জেলের লাশ উদ্ধার আমতলীতে নিখোঁজ ১
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পানিতে ডুবে বরিশালের আগৈলঝাড়া ও নওগাঁর নিয়ামতপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিকে কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে বরগুনার আমতলীতে মাছ শিকারে গিয়ে আরেক জেলে নিখোঁজ। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের রামান্দেরআঁক গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামান্দেরআঁক গ্রামের নয়ন বালার দুই বছরের ছেলে রিক বালার পানিতে ডুবে মৃত্যু হয়। শিশু রিক বালা খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পরে যায়। বাড়ির লোকজন শিশু রিককে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. শামীম হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন। নওগাঁর নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম রাব্বি (৩)। সে কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছোট ছেলে। বুধবার সকালে রাব্বির মা বাড়ির গৃহস্থালির কাজ করছিলেন। সেসময় রাব্বি তার বড় ভাইয়ের সঙ্গে খেলা করছিল। বেলা ১১টার দিকে তার বড় ভাই ছোট ভাইকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম খেতে খেতে রাব্বি কোনো একসময় বাড়ির পশ্চিম পাশের পুকুরের দিকে চলে যায়। দীর্ঘ সময় ধরে বাচ্চাকে দেখতে না পেয়ে রাব্বির মা খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে একপর্যায়ে পুকুরে ছেলের লাশ পানিতে ভাসতে দেখেন। স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরার সময় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজের তিন দিন পর জেলে অরুণ দাসের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইটনার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের কানু দাসের ছেলে। জানা গেছে, গত সোমবার অরুণ দাস ও তার বড় ভাই সাগর দাস একটি ছোট নৌকায় বসে ধনু নদীতে মাছ ধরছিলেন। এ সময় বাজিতপুর থেকে সুনামগঞ্জগামী একটি দ্রুতগামী বাল্কহেড তাদের নৌকাটিকে সরাসরি ধাক্কা দিলে সেটি ডুবে যায়। বরগুনার আমতলীতে পায়রা নদীতে ফেলে রাখা ইলিশ শিকারের জাল ও সরঞ্জামাদি অপসারণ করতে গিয়ে জেলে ওমর আলী গাজী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। ৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তিনি ভাটার স্রোতে সাগরের দিকে নেমে গেছেন। ঘটনা ঘটছে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকার পায়রা নদীতে। নিখোঁজ জেলে ওমর আলী গাজীর ছোট ভাই আক্কেল আলী গাজী বলেন, বড় ভাই পায়রা নদীতে জাল ও জালের সরঞ্জামাদি তুলতে গিয়ে নদীতে পড়ে যান। তারপর আর উঠতে পারেননি।
