সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা
রাবিতে তদন্তের নামে চলছে ‘কালক্ষেপণ’
Advertisement
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর শাখা ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে চরম ধীরগতির অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় এক মাস পেরুলেও অভিযুক্তদের বিরুদ্ধে উচ্চতর তদন্ত কমিটি এখনো তাদের কাজই শুরু করতে পারেনি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট প্রমাণ ও প্রথম দফার তদন্তে কয়েকজনের নাম ওঠে আসার পরও মূল অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যকর ব্যবস্থা না নিয়ে তদন্তের নামে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের। জানা যায়, ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পেশাগত দায়িত্ব পালনের সাময় সাংবাদিকদের ওপর হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফউজ্জামান কোরবান ও সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ সাংবাদিক আহত হন। আহত সাংবাদিকরা বর্তমানে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হামলায় সরাসরি অংশ নেন অন্তত ১০ জন। এর নেতৃত্বে ছিলেন শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমানে ছাত্রদলে সক্রিয় বিশাল চক্রবর্তী, সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথি, সহসভাপতি তাকবীর হাসান ইমন এবং ছাত্রদলকর্মী সৈয়দ সাহজারুল ইসলাম ও তানিম রহমান। হামলার সময় আশেপাশে আরও অন্তত ৩০-৪০ জন ছাত্রদল নেতাকর্মী মহড়া দেন। ঘটনার ২৪ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট সদস্য অধ্যাপক রেজাউল করিম-২ কে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি পর্যাপ্ত ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও হল প্রশাসন একটি অজ্ঞাতনামা মামলা করে। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উচ্চতর তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম সাদিক বলেন, কয়েক দিন আগে আমাদের কাছে চিঠি জমা পড়েছে। এখনো কাজ শুরু করা হয়নি। কবে নাগাদ শেষ করতে পারব তা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে আমরা যত দ্রুত সম্ভব কাজ শুরুর চেষ্টা করব। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, আমি যতটুকু জানি, কমিটি কাজ করছে। হামলাকারীরা যেন পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
