ছাত্রলীগকে আর্থিক সহায়তা
ইবির ২ কর্মকর্তাকে ছাত্রদলের মারধর কক্ষ ভাঙচুর
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্রলীগকে অর্থ দিয়ে সহযোগিতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই কর্মকর্তাকে মারধর ও প্রশাসন ভবনের গোপনীয় শাখার কক্ষের দরজা ভাঙচুর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব রাফিজ আহমেদের নেতৃত্বে এ মারধর ও ভাঙচুর করা হয়। মারধরের শিকার দুজন হলেন-বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান। জানা গেছে, মিছিল শেষে ছাত্রদলের নেতারা প্রশাসন ভবনে উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসের রুমে গিয়ে তাকে মারধর করেন। পরে নেতাকর্মীরা কক্ষ থেকে বের হয়ে করিডরে মেহেদি হাসানকে দেখতে পেলে তাকেও মারধর করেন তারা। শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুনের দাবি, চন্দন ছাত্রলীগকে অর্থ দিয়ে হামলায় সহযোগিতা করার বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। অফিসে গিয়ে তারা তাকে ছাত্রলীগের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করা অবস্থায় ধরেন। এ সময় ফোন চেক করতে চাইলে না দেওয়ায় ছাত্রদলের ছেলেরা তাকে চড়-থাপ্পড় দেন। আর মেহেদি হাসানকে মারধরের বিষয়টা ভুল বোঝাবুঝি ছিল বলে জানান তিনি।
