মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
নলছিটি ও চৌদ্দগ্রামে দুই লাশ উদ্ধার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুক্তাগাছায় ছাত্রীর মুখবাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। চৌদ্দগ্রামে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নলছিটিতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যুগান্তর প্রতিনিধিরা জানান-ঝালকাঠির নলছিটিতে রুমা (৩৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বহরামপুর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমা উপজেলার ফয়রা গ্রামের আনিচ ব্যাপারীর স্ত্রী ও নলছিটি শহরের ফেরিঘাট এলাকার রফিক তালুকদারের মেয়ে। পুলিশ জানায়, রুমা ঋণের টাকায় ছোট দোকান দেন। কিন্তু তার স্বামী এটি পছন্দ করেনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে ঝগড়ার পর স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। পরে পাশের ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ধ্যায় নিখোঁজ স্কুলছাত্রীর লাশ সকালে ধানখেতে পাওয়া গেছে। দাওগাঁও ইউনিয়নের দাওগাঁও নামাপাড়া গ্রাম থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এসময় তার মুখে ওড়না প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে-তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর মা দ্বিতীয় বিয়ে করলে ওই ছাত্রী নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। মঙ্গলবার ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে তার লাশ দেখতে পান এলাকাবাসী। ওসি কামরুল ইসলাম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পরিত্যক্ত খামারবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জলিল (৬৩) ঘোলপাশা ইউনিয়নের বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা এবং বাবুচি বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন।
