বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
গোলাপি-সাদায় শতবর্ষের মহামিলন
জুবাইয়া বিন্তে কবির
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জীবনের ব্যস্ততা, সংসারের দায়িত্ব কিংবা দেশ-বিদেশের দীর্ঘ দূরত্ব- কোনো কিছুই মুছে দিতে পারে না শৈশব-কৈশোরের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মানুষের গভীর মমতা। সেই মমতা, ভালোবাসা আর স্মৃতির এক অসাধারণ মিলনমেলায় পরিণত হয়েছিল বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব। গত ১৩ ও ১৪ নভেম্বর দুই দিনব্যাপী এ আয়োজনে গোলাপি-সাদার বর্ণিল আবহে মিলিত হয়েছিলেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তিন হাজারের বেশি সাবেক ছাত্রী। কারও চুলে রুপালি রেখা, কারও মুখে বয়সের ছাপ, অথচ সবার চোখেমুখে ছিল সেই চিরচেনা কিশোরীর উচ্ছ্বাস। মনে হচ্ছিল, সময়ের ঘড়ি কিছুক্ষণের জন্য থেমে গেছে। সবাই যেন ফিরে গেছেন সেই দুরন্ত কৈশোরে, যেখানে বন্ধুত্ব ছিল নিখাদ, আনন্দ ছিল অকৃত্রিম আর স্বপ্নগুলো ছিল আকাশছোঁয়া।
কীর্তনখোলার তীরে গড়ে ওঠা বরিশালের শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসে এ বিদ্যালয়ের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ১৮৭৩ সালে মেয়েদের প্রাথমিক বিদ্যালয় হিসাবে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপ পায় এবং ১৯৬১ সালের ১২ এপ্রিল সরকারিকরণের পর নাম হয় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। মহান মুক্তিযুদ্ধের শুরুর দিকে এখানেই স্থাপিত হয়েছিল স্বাধীন বাংলার প্রথম আঞ্চলিক সচিবালয়। ফলে বিদ্যালয়টি শুধু নারীশিক্ষার আলোকবর্তিকাই নয়, জাতীয় ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ সাক্ষী। উৎসবের প্রথম দিন সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়েছিল গোলাপি ও সাদা রঙের অপূর্ব সমন্বয়ে। পুরোনো বান্ধবীদের খুঁজে পাওয়া, আবেগঘন আলিঙ্গন, স্মৃতিচারণ আর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে পুরো নগরী। বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন, স্মারকগ্রন্থ প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের মধ্যদিয়ে শতবর্ষ উদযাপনের সূচনা হয়। সন্ধ্যায় সংগীত, নৃত্য, আবৃত্তি ও রোমিও ব্রাদার্সের ব্যান্ড পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক আয়োজন।
দ্বিতীয় দিনে ছিল মিউজিক্যাল পিলো পাসিং, হাঁড়িভাঙা, চকলেট দৌড় ও স্মৃতিচারণ। বয়সের ব্যবধান ভুলে সাবেক ছাত্রীরা যেন আবার ফিরে পেয়েছিলেন দুরন্ত স্কুল জীবন। সাবেক শিক্ষকদের সামনে পেয়ে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। বিশেষ করে দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা করা জাহানারা বেগমের উপস্থিতি সৃষ্টি করে অন্যরকম আবেগঘন পরিবেশ। অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে সাবেক ছাত্রীরা ছুটে এসেছিলেন শেকড়ের টানে। ১৯৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন হয়ে ওঠে কয়েক প্রজন্মের বন্ধুত্ব ও ভালোবাসার সম্মিলিত উৎসব।
দুই দিনের আয়োজনের সমাপ্তি ঘটলেও স্মৃতির রেশ রয়ে গেছে সবার হৃদয়ে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সম্পদ যে শুধু তার ভবন কিংবা অবকাঠামো নয়, বরং মানুষ, সম্পর্ক, মূল্যবোধ ও প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ভালোবাসা- এ পুনর্মিলনী আবারও তা প্রমাণ করেছে। গোলাপি-সাদার বর্ণিল আয়োজন হয়তো শেষ হয়েছে, কিন্তু স্মৃতির আলো কখনো নিভবে না। বরং এই মহামিলনমেলা হয়ে থাকবে বহু প্রজন্মের হৃদয়ে এক অমলিন স্মৃতি, এক ভালোবাসার উত্তরাধিকার।
