Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস তারুণ্য

ক্যারিয়ার

গবেষণার আইডিয়া খুঁজবেন যেভাবে

Icon

শরীফুল ইসলাম

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গবেষণা করতে চান, কিন্তু কী নিয়ে শুরু করবেন, তা বুঝতে পারছেন না? অনেকের ধারণা, ভালো গবেষণা করতে হলে এমন একটি বিষয় খুঁজে বের করতে হবে, যা নিয়ে পৃথিবীতে আগে কেউ কখনো ভাবেনি। বাস্তবে বিষয়টি এমন নয়। ভালো গবেষণার আইডিয়া খুঁজতে সব সময় অসাধারণ কিছু ভাবতে হবে, এমন কোনো নিয়ম নেই। বরং পরিচিত কোনো বিষয়কে নতুনভাবে দেখা, অমীমাংসিত প্রশ্নের উত্তর খোঁজা কিংবা পুরোনো ধারণার সঙ্গে নতুন কোনো বিষয়ের সম্পর্ক খুঁজে বের করেও গুরুত্বপূর্ণ গবেষণা করা সম্ভব। ধরুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন ক্যাম্পাসে আসা-যাওয়া, ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা এসবের মধ্যে হয়তো প্রতিদিনের একটি বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমেও সময় কাটান। কিন্তু এ অভ্যাস তাদের পড়াশোনা, মনোযোগ কিংবা মানসিক স্বস্তিতে কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে আপনার মনে প্রশ্ন তৈরি হলো। এ০ প্রশ্ন থেকেই কিন্তু একটি গবেষণার শুরু হতে পারে।

গবেষণার শুরুতে নির্দিষ্ট বিষয় খুঁজে পাওয়া অনেকের জন্য কঠিন। এর সহজ উপায় হলো, প্রথমে নিজের আগ্রহের একটি বড় ক্ষেত্র নির্বাচন করা। এরপর ধীরে ধীরে সেটিকে নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ করা। যেমন, কেউ জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করতে চাইলে প্রথমে জলবায়ু পরিবর্তনকে ক্ষেত্র হিসাবে বেছে নিতে পারেন। পরে সেখান থেকে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের অভিবাসন এবং আরও নির্দিষ্টভাবে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত মানুষের শহরমুখী অভিবাসনের কারণ ও প্রভাব নিয়ে গবেষণা করতে পারেন। এভাবে বড় বিষয় থেকে ছোট ও নির্দিষ্ট প্রশ্নে পৌঁছানো সহজ হয়।

তবে শুধু একটি বিষয় নির্বাচন করলেই গবেষণার আইডিয়া তৈরি হয় না। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম গবেষণার ক্ষেত্র হতে পারে। কিন্তু গবেষণার জন্য জানতে হবে, এসব বিষয়ের ঠিক কোন সমস্যাটি নিয়ে কাজ করতে চান। যেমন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে কাজ করার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস তাদের ঘুমের সময়ের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা অনুসন্ধান করা যেতে পারে। অর্থাৎ, একটি স্পষ্ট প্রশ্নই গবেষণার আইডিয়াকে নির্দিষ্ট রূপ দেয়।

আমাদের চারপাশের সমস্যার মধ্যেও লুকিয়ে আছে গবেষণার সুযোগ। গবেষণার ধারণা শুধু বই বা জার্নাল থেকে আসে না। শিক্ষা, কর্মক্ষেত্র, গণমাধ্যম, কৃষি, গবেষণাগার কিংবা দৈনন্দিন জীবনের ছোট ছোট অভিজ্ঞতা থেকেও গবেষণার প্রশ্ন তৈরি হতে পারে। যেমন, কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও একই ঘটনার অন্য সংবাদটি কম মানুষের কাছে পৌঁছাচ্ছে কেন? শিরোনাম, ছবি নাকি সংবাদ প্রকাশের সময় এর পেছনে ভূমিকা রাখছে? এমন প্রশ্ন থেকেই গবেষণার সম্ভাবনা তৈরি হয়। কোনো ঘটনা দেখে ‘কেন’ এবং ‘কীভাবে’ প্রশ্ন করার অভ্যাস গবেষকের চিন্তাকে আরও গভীর করে।

গবেষণার নতুন ধারণা খুঁজতে আগের গবেষণাগুলো পড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু ফলাফল পড়লেই হবে না। গবেষকরা কোন সমস্যা সমাধানের চেষ্টা করেছেন, কী পদ্ধতি ব্যবহার করেছেন, তাদের গবেষণার সীমাবদ্ধতা কী এবং কোন প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি, সেদিকেও নজর দিতে হবে। বিশেষ করে গবেষণাপত্রের আলোচনা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ গবেষণার সুপারিশ অংশে নতুন আইডিয়ার সূত্র পাওয়া যেতে পারে। তবে সে বিষয়ে ইতোমধ্যে অন্য কেউ গবেষণা করেছেন কি না, তা যাচাই করাও জরুরি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তারুণ্য যেখানে বাধাহীন

তারুণ্য যেখানে বাধাহীন

ক্যারিয়ার গবেষণার আইডিয়া খুঁজবেন যেভাবে

গবেষণার আইডিয়া খুঁজবেন যেভাবে

সাক্ষাৎকার গবেষণায় অনুসন্ধিৎসু মনোভাব থাকতে হবে

গবেষণায় অনুসন্ধিৎসু মনোভাব থাকতে হবে

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় গোলাপি-সাদায় শতবর্ষের মহামিলন

গোলাপি-সাদায় শতবর্ষের মহামিলন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম