সাক্ষাৎকার
গবেষণায় অনুসন্ধিৎসু মনোভাব থাকতে হবে
শেখ আব্দুর রহিম
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উচ্চশিক্ষাকে সমৃদ্ধ ও পরিপূর্ণ করার মাধ্যম গবেষণা। কিন্তু একাডেমিক শিক্ষার ধরাবাঁধা আড়ষ্টতা, যথাযথ দিকনির্দেশনা আর সঠিক গবেষণার বিষয় নির্ধারণ নিয়ে শিক্ষার্থীদের মনে জেগে ওঠে কতশত প্রশ্ন। সেসব প্রশ্নেরই উত্তর জানাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত প্রতিষ্ঠান প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চের অডিওলজি অ্যান্ড স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং গবেষণা ও উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর মো. আসাদুজ্জামান। তার সঙ্গে একান্ত আলাপে গবেষণার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন শেখ আব্দুর রহিম
বিশ্ববিদ্যালয় জীবনে গবেষণা কেন এত গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন?
বিশ্ববিদ্যালয় জীবনে গবেষণা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব সমস্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ ও সমাধানের সক্ষমতা তৈরি করে। গবেষণার মাধ্যমে একজন শিক্ষার্থী বিশ্লেষণধর্মী চিন্তন দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, তথ্য বিশ্লেষণ, যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন জ্ঞান সৃষ্টির ক্ষমতা অর্জন করে। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা একদিকে যেমন শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অন্যদিকে তেমনি জাতীয় উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং মানবকল্যাণে অবদান রাখার সুযোগ সৃষ্টি করে।
একজন শিক্ষার্থীর কখন থেকে এবং কীভাবে
গবেষণায় আত্মনিয়োগ করা দরকার?
একজন শিক্ষার্থীর গবেষণায় যুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স বা পর্যায় নির্ধারিত নেই; বরং বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গবেষণার প্রতি আগ্রহ ও অনুসন্ধিৎসু মনোভাব তৈরি করা প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিজ নিজ বিষয়ের মৌলিক ধারণা শক্তিশালী করার পাশাপাশি নিয়মিত বৈজ্ঞানিক প্রবন্ধ পড়া, গবেষণা পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন এবং সাম্প্রতিক গবেষণার অগ্রগতি সম্পর্কে সচেতন হওয়া উচিত। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে সাহিত্য পর্যালোচনা, ছোট পরিসরের গবেষণা প্রকল্প, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং গবেষণাপত্র লেখার মাধ্যমে গবেষণার দক্ষতা অর্জন করতে পারে।
গবেষণায় বাধা এবং সেসব উত্তরণে কী ধরনের
পদক্ষেপ নেওয়া যেতে পারে?
গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে পর্যাপ্ত গবেষণা প্রশিক্ষণের অভাব, প্রয়োজনীয় অর্থায়নের সীমাবদ্ধতা, আধুনিক গবেষণা অবকাঠামোর ঘাটতি, গবেষণার জন্য পর্যাপ্ত সময়ের অভাব, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগের ঘাটতি অন্যতম। এসব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন নিয়মিত গবেষণা প্রশিক্ষণ, গবেষণা অনুদান বৃদ্ধি, আধুনিক ল্যাবরেটরি ও প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি করা।
গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আপনার কী কী পরামর্শ থাকবে?
গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের প্রথমেই কৌতূহলী ও অনুসন্ধিৎসু মনোভাব তৈরি করতে হবে। গবেষণা শুধু একটি ডিগ্রি অর্জনের মাধ্যম নয়; এটি নতুন জ্ঞান সৃষ্টি এবং সমাজের বাস্তব সমস্যার সমাধান করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের নিয়মিত বৈজ্ঞানিক প্রবন্ধ পড়া, গবেষণা পদ্ধতি শেখা, অভিজ্ঞ গবেষকদের সঙ্গে কাজ করা এবং ধৈর্যের সঙ্গে গবেষণার ধারাবাহিকতায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেব। গবেষণায় সফলতার জন্য সততা, অধ্যবসায়, সময় ব্যবস্থাপনা, প্রযুক্তিগত দক্ষতা এবং আজীবন শেখার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন তরুণ গবেষক যদি নিজের জ্ঞানকে মানবকল্যাণে প্রয়োগ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, তবে সে ব্যক্তি, সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
