সাংস্কৃতিক কেন্দ্র এখন গুদামঘর
পুরান ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুরান ঢাকার একমাত্র সরকারি সাংস্কৃতি চর্চার স্থান জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র। বিশাল সংখ্যক নাগরিকের সংস্কৃতিচর্চার জন্য ২০০৮ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও এখনও সংস্কৃতিবান্ধব হয়ে উঠতে পারেনি মঞ্চটি বরং বর্তমানে কেন্দ্রটি টিসিবির পণ্য মজুতের স্থান হিসাবেই এলাকাবাসীর কাছে পরিচিত।
স্থানীয় বাসিন্দারা জানান, জহির রায়হান সংস্কৃতি কেন্দ্রে টিসিবির পণ্য বিতরণ করা হয়। সরেজমিন দেখা যায়, প্রবেশ ফটকের সামনেই অসংখ্য ভ্রাম্যমাণ দোকান। কেউ বসেছেন আলু, পেঁয়াজ নিয়ে। কারও দোকানে ফল, কেউ বিক্রি করছেন ডাব, কেউ বিক্রি করছে কাপড়। প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যায় বস্তার স্তূপ। দারোয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো সরকারি টিসিবির চাল আর আটার বস্তা। উপরের উঠার সিঁড়ি বন্ধ করে স্তূপ করে রেখেছে তেলের কার্টন।
জানা যায়, ২০০৯ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এ সাংস্কৃতিক কেন্দ্র যে উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল তা বাস্তবায়ন তো হয়নি, বরং প্রতিবছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। যে মঞ্চে নাট্যকর্মীদের সংলাপে উত্তাপ ছড়ানোর কথা, নাটক উপভোগ করার জন্য দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকার কথা-সেই জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র যেন ঝিমিয়ে পড়েছে।
সংস্কৃতি কেন্দ্রের নাম প্রকাশে এক কর্মচারী বলেন, আমরা এখানে অনেক কষ্টে আছি। এক সহকর্মীসহ আমি ৪ বছর ধরে নিয়মিত বেতন পাই না। দেড় বছর ধরে লিফট বন্ধ। তেমন কোনো সাংস্কৃতিক কার্যক্রমও হয় না। সাত হাজার স্কয়ার ফিটের অডিটরিয়ামে ৪০৮টি আসন রয়েছে। পুরান ঢাকাকে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার জন্য ৯ একর জায়গার ওপর দুই ধাপে ১১ কোটি টাকা ব্যয়ে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। আগে এখানকার হল ভাড়া কম ছিল। বর্তমানে এখানে শুক্রবার ভাড়া ১৪ হাজার টাকা ও অন্যান্য দিন ৯ হাজার টাকা ভাড়া। ভাড়া বেশি হওয়ায় নাট্যদলগুলো তেমন আগ্রহ দেখায় না। এছাড়া, বিদ্যুৎ এর সমস্যা ও সাউন্ড সার্ভিসও খারাপ। এখানকার ডেকোরেশন বিশেষ করে শীতাতপ যন্ত্র অনেকগুলো নষ্ট। এ কেন্দ্র কেউ কোনো কারণে একবার ভাড়া নিলে দ্বিতীয়বার আসেন না বলে জানান তিনি।
নিরাপত্তার দায়িত্বে থাকা সুমন বলেন, অধিক আসন বিশিষ্ট হওয়ায় নাট্যদলগুলো অধিক ভাড়া দিয়ে হল নিতে চায় না। আবার রাজনৈতিক কিংবা অন্যান্য সভা সমাবেশের জন্য আসন সংখ্যা কম হওয়ায় তারাও ভাড়া নিতে চায় না। তবে আশপাশের স্কুল-কলেজের কিছু অনুষ্ঠান প্রায়ই হয়ে থাকে।
যেখানে শিল্পকলা একাডেমিতে সব সুযোগ-সুবিধা একটি নাট্যদল হল পাচ্ছে, সেখানে পুরান ঢাকার যানজট ঠেলে গেন্ডারিয়ায় গিয়ে একটি নাট্যসংগঠন এতো বেশি ভাড়ায় হল নেবে কেন? এই বিষয়টি ঢাকা সিটি কর্পোরেশনকেও বুঝতে হবে। কারণ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের জন্য সিটি কর্পোরেশনেরও পৃষ্টপোষকতা প্রয়োজন।
জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের তত্ত্বাবধায়ক অমরেশ মন্ডল রতন বলেন, সাংস্কৃতিক কেন্দ্রের পার্কিং স্থানীয় কাউন্সিলর অফিস হিসাবে ব্যবহার করা হয়।
