Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

ত্রিপুরার মহারাজের খনন করা দিঘি

কুমিল্লার ‘ধর্মসাগর’ এখন নগরবাসীর ফুসফুস

Icon

আবুল খায়ের, কুমিল্লা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লার ‘ধর্মসাগর’ এখন নগরবাসীর ফুসফুস

কুমিল্লা নগরীর ফুসফুস হিসাবে পরিচিত ধর্মসাগরপাড়ে স্বস্তির নিশ্বাস নিতে আসা দর্শনার্থীরা -যুগান্তর

Advertisement

কুমিল্লায় ত্রিপুরার মহারাজের খনন করা দিঘি ‘ধর্মসাগর’ এখন নগরবাসীর ফুসফুস। নগরীর একমাত্র প্রশান্তির জায়গা এটি। অপরূপ সৌন্দর্য আর নির্মল বাতাসে এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী নিচ্ছেন স্বস্তির নিঃশ্বাস। এক মুহূর্ত সময় পেলেই নগরীর বাসিন্দারা ছুটে আসছেন কোলাহলমুক্ত এই স্থানে। পরিবার-পরিজন নিয়ে আসছেন বেশির ভাগ মানুষ। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন ধর্মসাগরকে মানুষ নিরাপত্তা বেষ্টনী মনে করেন। এদিকে ঐতিহ্যবাহী এই স্থানটির আধুনিকায়ন ও যথাযথ সংস্কার দাবি করেছেন দর্শনার্থীরা। অনুসন্ধানে জানা গেছে, ধর্মসাগর, নামে সাগর হলেও এটি কুমিল্লা নগরীর একটি প্রাচীন দিঘি। এটিকে নগরীর ফুসফুসও বলা হয়। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগরের আয়তন ২৩.১৮ একর। ত্রিপুরার রাজা প্রথম ধর্মমাণিক্য ১৪৫৮ সালে দিঘিটি খনন করেন। কুমিল্লার সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মসাগরের প্রায় পৌনে ছয়শ বছরের ইতিহাস। নগরীর কর্মময় জীবনে হাঁপিয়ে ওঠা মানুষ একটু স্বস্তির জন্য এখানে ছুটে আসেন। স্বাস্থ্য সচেতন লোকজন সকালে ও সন্ধ্যায় ধর্মসাগরের পশ্চিমপাড়ে হেঁটে বেড়ান নির্মল বায়ুর প্রত্যাশায়। এখানে এলে নাগরিক জীবনের যাবতীয় ক্লান্তি দূর হয়ে যায়।

এই দিঘির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল, উত্তরে নগর উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয়। পশ্চিম কোণে পুলিশ সুপারের কার্যালয়। উত্তর কোণে রানীর কুঠির। পশ্চিমপাড়ে বসার ব্যবস্থা আছে। স্থানীয়রা ছাড়া অন্য জেলার লোকজনও দীঘিটি দেখতে আসেন।

দিঘিপাড়ের বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্নমাত্রা। কান পাতলে শোনা যায় পাখির কলরব। উত্তরপাড়ে দাঁড়ালে দিঘির পানি ছুঁয়ে আসার মুগ্ধ বাতাস দেহমনে ভালো লাগার দোলা দিয়ে যায়।

রাজমালা গ্রন্থ অনুসারে, ধর্মমাণিক্য ৩১ বছর রাজত্ব করেন (১৪৩১-৬২ খ্রি.)। ধর্মসাগর উৎসর্গের সময় যে তাম্রলিপি প্রদান করা হয় তাতে বলা হয়, ‘চন্দ্র বংশোদ্ভব মহামাণিক্যের সুধীপুত্র শশধর সদৃশ শ্রী শ্রী ধর্মমাণিক্য ১৩৮০ মেষ সংক্রমণে (চৈত্র মাসের শেষ তারিখে) সোমবার শুক্ল ত্রয়োদশী তিথিতে কৌতুকাদি তাষ্ট বিপ্রকে শস্য-সমন্বিত ফল ও বৃক্ষাদি পূর্ণ ঊনত্রিশ দ্রোণ ভূমি দান করিলেন। আমার বংশ বিলুপ্ত হইলে যদি এই রাজ্য অন্য কোনো ভূপতির হস্তগত হয়। তিনি এই ব্রহ্মবৃত্তি লোপ না করিলে আমি তাহার দাসানুদাস হইব।’ দীঘির সংরক্ষণে ভূমিকা রাখলে রাজা কৃতজ্ঞ থাকার কথা এখানে বলেছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিন হাজার হাজার লোক সমাগম হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। এটি এখন কুমিল্লার গর্বের স্থান। মানুষের স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জায়গা। লোকজন ধর্মসাগরের পশ্চিমপাড়ে হাঁটতে আসেন। দীঘির চারদিকে হাঁটার ব্যবস্থা করা দরকার। এছাড়া পানিতে ময়লা ফেলা ও পরিবেশ দূষণ ঠেকাতে নজরদারি প্রয়োজন।

কুমিল্লার ইতিহাস গবেষক আহসানুল কবির বলেন, কুমিল্লায় মহারাজা প্রথম ধর্মমাণিক্য ১৪৫৮ সালে এই অঞ্চলের মানুষের পানির কষ্ট দূর করতে দীঘিটি খনন করেন। দীঘির আকার দেখে মনে হয় পৌনে ছয়শ বছর আগেও এখানে অনেক মানুষের বসবাস ছিল। ঐতিহ্যবাহী স্থানটি এখন নগরবাসীর অন্যতম এক প্রশান্তির জায়গা। প্রবীণ সাংবাদিক এবং সংগঠক শাহজাদা এমরান বলেন, ধর্মসাগর নগরবাসীর স্বস্তির নিঃশ্বাস ফেলার একটি জায়গা। কোলাহলমুক্ত পরিবেশে হৃদয় জুড়িয়ে যায়। পুরোনো গাছ-গাছালি অক্সিজেন সরবরাহ করে। দীঘির নির্মল বাতাস প্রাণভরে উপভোগ করেন দর্শনার্থীরা। এটাকে নগরের ফুসফুস বলা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম বলেন, ধর্মসাগরের ঐতিহ্য ঠিক রেখে যথাযথ সংস্কার করার উদ্যোগ আছে। ধর্মসাগর দীঘির চারদিকে হাঁটার জন্য ওয়াকওয়ে করার পরিকল্পনা রয়েছে। এ সংক্রান্ত প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা আওয়ামী নাশকতার লক্ষ্য বিমানবন্দর

আওয়ামী নাশকতার লক্ষ্য বিমানবন্দর

রেজাউল বাহার ও শামীম ওসমানের বাড়িতে আগুন

রেজাউল বাহার ও শামীম ওসমানের বাড়িতে আগুন

কক্সবাজারে ২৪ ঘণ্টার পর্যটন কার্নিভ্যাল

কক্সবাজারে ২৪ ঘণ্টার পর্যটন কার্নিভ্যাল

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ অধ্যক্ষের একচ্ছত্র দাপট সীমাহীন অনিয়ম-দুর্নীতি

অধ্যক্ষের একচ্ছত্র দাপট সীমাহীন অনিয়ম-দুর্নীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম