Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ

অধ্যক্ষের একচ্ছত্র দাপট সীমাহীন অনিয়ম-দুর্নীতি

Icon

এম এ কাউসার, চট্টগ্রাম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অধ্যক্ষের একচ্ছত্র দাপট সীমাহীন অনিয়ম-দুর্নীতি

Advertisement

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের বিরুদ্ধে তদন্তে একাধিক অভিযোগের সত্যতা পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৭ মাসের তদন্ত শেষে ৮ অক্টোবর প্রতিবেদন জমা হলেও ১ মাসের বেশি সময়ে বাস্তবায়ন হয়নি কোনো সুপারিশ। অভিযোগ রয়েছে, অধ্যক্ষের একচ্ছত্র কর্তৃত্বের কারণে জিম্মি হয়ে পড়েছেন কলেজের শিক্ষকরা। মুখ খুললে হামলার শিকার হতে হচ্ছে তাদের। এমনকি অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিচালনা পর্ষদের সভাপতিকেও পদ ছাড়তে হয়েছে। অধ্যক্ষের চাচাতো ভাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় তিনি প্রভাব খাটাচ্ছেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

৬ মাস ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন কলেজের অর্ধশত শিক্ষক-কর্মচারী। বিশেষ করে নন-এমপিও ও খণ্ডকালীন শিক্ষকরা পড়েছেন বেশি বিপাকে। বাসা ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। মাউশির ৮ অক্টোবরের তদন্ত প্রতিবেদনে বলা হয়, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই অর্থের বিনিময়ে বহিরাগত একটি পরিবারকে কলেজ প্রাঙ্গণে বসবাসের সুযোগ এবং শ্রেণিকক্ষ ও অডিটোরিয়াম ভাড়ায় ব্যবহারের অনুমতি দেন অধ্যক্ষ। এসব অর্থ কলেজ তহবিলে জমার কোনো রসিদ দেখাতে পারেননি তিনি। এছাড়া বিধিবহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ, পরিচালনা পর্ষদের এখতিয়ার লঙ্ঘন, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। অধ্যক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন আর্থিক সুবিধা প্রদানেও অনিয়ম পাওয়া গেছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকায় খণ্ডকালীন প্রভাষক মনির আহমেদকে বরখাস্ত এবং অবৈধভাবে উত্তোলিত অর্থ আদায়ের সুপারিশও করা হয়েছে।

সূত্র জানায়, ৫ জানুয়ারি অধ্যক্ষের বিরুদ্ধে ১০টি অনিয়মের অভিযোগ মাউশিতে জমা দেন পরিচালনা পর্ষদের তৎকালীন সভাপতি আতাউল হক ভূঁঞা। পরে বেতন-ভাতা ও আর্থিক সুবিধা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। বিশেষ ইনক্রিমেন্ট চালু রাখার দাবিতে অধ্যক্ষ বেতন বিল প্রস্তুত না করায় মে মাস থেকে অক্টোবর পর্যন্ত বেতন বন্ধ থাকে। শেষ পর্যন্ত দায়িত্ব পালনে অসহায়ত্ব প্রকাশ করে ২৯ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান আতাউল হক ভূঁঞা।

মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক এমএম সহিদুল ইসলাম বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনটি মাউশির মহাপরিচালক, জেলা প্রশাসন ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার বলেন, তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে পেরে পরিচালকের সঙ্গে দেখা করেছি। তবে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন পাইনি।

২৯ আগস্ট যুগান্তরে অধ্যক্ষের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ওই দিনই বাংলা বিভাগের প্রভাষক মিজানুর রহমান চৌধুরীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে। ৩ সেপ্টেম্বর তিনি অধ্যক্ষসহ ১২ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুজন শিক্ষক ছাড়া অন্য কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পরে ২৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন অধ্যক্ষ।

অধ্যক্ষের চাচাতো ভাই সিএমপির এডিসি ট্রাফিক (উত্তর) সোমেন মজুমদারের বিরুদ্ধে পুলিশকে প্রভাবিত করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে তিনি বলেন, কলেজে একবার গেছেন, মামলা বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করেননি। আত্মীয়তার সম্পর্কই এখন তার জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা আওয়ামী নাশকতার লক্ষ্য বিমানবন্দর

আওয়ামী নাশকতার লক্ষ্য বিমানবন্দর

রেজাউল বাহার ও শামীম ওসমানের বাড়িতে আগুন

রেজাউল বাহার ও শামীম ওসমানের বাড়িতে আগুন

কক্সবাজারে ২৪ ঘণ্টার পর্যটন কার্নিভ্যাল

কক্সবাজারে ২৪ ঘণ্টার পর্যটন কার্নিভ্যাল

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ অধ্যক্ষের একচ্ছত্র দাপট সীমাহীন অনিয়ম-দুর্নীতি

অধ্যক্ষের একচ্ছত্র দাপট সীমাহীন অনিয়ম-দুর্নীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম