Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

রেজাউল বাহার ও শামীম ওসমানের বাড়িতে আগুন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের পিরোজপুরের নাজিরপুর উপজেলার গ্রামের বাড়ি ও উপজেলা সদরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কুমিল্লায় সাবেক সংসদ-সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন দিয়েছে একদল যুবক। একই রাতে নগরীতে আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের জামতলার পরিত্যক্ত বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এদিন রাতে মাদারীপুরে দলটির নেতা শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানীর মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

পিরোজপুর : বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ৫০ থেকে ৬০ জনের একটি দল হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত তার উপজেলা সদরের বাড়িতেও হামলা চালানো হয়। দুটি বাড়িতেই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, দেশব্যাপী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সরকারি স্থাপনায় হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব ঘটনা ঘটে। দুই বাড়িতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। পুলিশ গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং ভাঙচুরের চিহ্ন পেয়েছে।

কুমিল্লা : মঙ্গলবার গভীর রাতে নগরীর রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ-সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যান। গোপালগঞ্জে থানা ও বিএনপির সংসদ-সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে স্লোগান দেওয়ার পর সেখানে আগুন জ্বালানো হয়। অন্য একটি ভিডিওতে বাহারের বাড়ির ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন দিতে দেখা যায়। কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়েছেন। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।

নারায়ণগঞ্জ : বুধবার রাত ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বাড়িটিতে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা ডাকবাংলা স্বপ্নে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরের জামতলা শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির সামনে উপস্থিত হয়। এ সময় নেতাকর্মীরা হাতে মশাল মিছিল ছিল। পরে মশাল মিছিল থেকে শামীম ওসমানের বাড়িতে বেশ কয়েকটি মশাল ছুড়ে মারে এবং গেটের সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ সভানেত্রী ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

মাদারীপুর : বুধবার রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক পেট্রোল পাম্পে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো পাম্প এলাকা। হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ করে পেট্রোল পাম্পে ইট মেরে ভাঙচুর শুরু করে। আকস্মিক এ হামলায় ক্ষতিগ্রস্ত হয় পেট্রোল পাম্পের অফিস কক্ষসহ বিভিন্ন স্থাপনা। এ সময় পাম্পে কর্মরত-কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সূত্র জানায়, হেলমেট পরা একদল ব্যক্তি পাম্প এলাকায় এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। 

ঢাকা : বুধবার রাত ৯টার দিকে মাইনুল হোসেন নিখিলের মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা বাসার নিচতলায় এ হামলা চালানো হয়। এ সময় বাসার ভেতরে থাকা আসবাব ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বলেন, আমি ঘটনা শুনেছি। সূত্র জানায়, রাত ৯টার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। বাসার নিচে থাকা নিখিলের কার্যালয়ের কাচ ভাঙচুর করেন তারা। পরে তারা ভেতরে প্রবেশ করে আসবাব, ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় ছাত্রদলের নেতারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টার ভাঙচুর শেষে তারা সেখান থেকে চলে যান। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল।


Advertisement

Advertisement

আরও পড়ুন

গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা আওয়ামী নাশকতার লক্ষ্য বিমানবন্দর

আওয়ামী নাশকতার লক্ষ্য বিমানবন্দর

রেজাউল বাহার ও শামীম ওসমানের বাড়িতে আগুন

রেজাউল বাহার ও শামীম ওসমানের বাড়িতে আগুন

কক্সবাজারে ২৪ ঘণ্টার পর্যটন কার্নিভ্যাল

কক্সবাজারে ২৪ ঘণ্টার পর্যটন কার্নিভ্যাল

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ অধ্যক্ষের একচ্ছত্র দাপট সীমাহীন অনিয়ম-দুর্নীতি

অধ্যক্ষের একচ্ছত্র দাপট সীমাহীন অনিয়ম-দুর্নীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম