কক্সবাজারে ২৪ ঘণ্টার পর্যটন কার্নিভ্যাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সমুদ্রসৈকতে দিনভর ঘোরাঘুরি, বিকালে সূর্যাস্ত দেখা-এরপর হোটেলে ফেরা। কক্সবাজারে পর্যটকদের চেনা এই অভিজ্ঞতায় এবার যুক্ত হচ্ছে নতুন মাত্রা। সমুদ্রের ঢেউয়ের শব্দ, ঝাউবনের ছায়া আর মাথার ওপর তারাভরা আকাশের নিচে রাতভর বিনোদনের আয়োজন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। সৈকতসংলগ্ন ৩৫ একর ঝাউবাগানজুড়ে বসছে ২৪ ঘণ্টার পর্যটন কার্নিভ্যাল। ২২ নভেম্বর শুরু হয়ে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন। এতে থাকছে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, ক্যাম্পিং, ক্যাম্পফায়ার, সংগীত, খাবারের উৎসব, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস। শিশু থেকে প্রবীণ-পরিবারের সবার জন্য থাকছে আলাদা বিনোদনের ব্যবস্থা। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং বাস্তবায়ন সহযোগী ওয়েভল্যান্ড কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনায় এ কার্নিভ্যালের আয়োজন করা হচ্ছে। আয়োজকদের আশা, এর মাধ্যমে কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যুক্ত হবে। বিশেষ করে সন্ধ্যার পর বিনোদনের সীমিত সুযোগের ঘাটতি কমবে, বাড়বে পর্যটকদের অবস্থানের সময়। রোববার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কার্নিভ্যালের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পর্যটন করপোরেশনের পরিচালক মো. গণি উল আজম।
১৬ জোনে দিনরাত বিনোদন : আয়োজকদের পরিকল্পনায় কার্নিভ্যাল এলাকায় থাকবে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন। এর মধ্যে রয়েছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস জোন, কিডস জোন ও ক্যাম্পিং সাইট। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত পাঠাগার, শিল্প ও পর্যটনবিষয়ক প্রদর্শনী, খেলাধুলা এবং স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা।
১৫ থেকে ২০টি বালুর ভাস্কর্য : কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ ১৫ থেকে ২০টি বালুর ভাস্কর্য। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে এসব শিল্পকর্মে। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের দুই আন্তর্জাতিক বালুশিল্পী পল হ্যাগার্ড ও রেমি হ্যাগার্ডের সঙ্গে কাজ করবেন বাংলাদেশের শিল্পী জীবন রায়।
ক্যাম্পিং, খাবার ও নিরাপত্তা : কার্নিভ্যালে একসঙ্গে প্রায় তিন হাজার মানুষের খাবারের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি থাকবে ক্যাম্পফায়ার, গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও উন্মুক্ত আকাশের নিচে সিনেমা দেখার সুযোগ। রাতে টেলিস্কোপের সাহায্যে তারা দেখার ব্যবস্থাও থাকবে।
আয়োজকদের দাবি, ৩৫ একর এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরা, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফেস ডিটেকশন প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
হোটেল-মোটেল মালিক ও স্থানীয় উদ্যোক্তাদের মতে, এ আয়োজন পর্যটকদের অবস্থানের সময় বাড়ানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে। আয়োজকদের প্রত্যাশা, রাতের পর্যটনকে সক্রিয় করে কক্সবাজারের পর্যটন অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এ কার্নিভ্যাল।
