Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার

ঠিকাদার প্রকৌশলী মিলে লুটপাট

Advertisement

তানজিমুল হক

তানজিমুল হক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঠিকাদার প্রকৌশলী মিলে লুটপাট

Advertisement

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ১০ কোটি টাকার সড়ক সংস্কারে চলছে লুটপাট। ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা মিলেমিশে চালাচ্ছেন লুটপাটের মহাযজ্ঞ। শিডিউলের শর্ত লঙ্ঘন করে ব্যবহার করা হচ্ছে তিন নম্বর ইটের খোয়া, নিম্নমানের বালু এবং এঁটেল মাটি। ইটের হালকা আঘাতেই ভেঙে যাচ্ছে ড্রেন ঢালাইয়ে ব্যবহার করা নিম্নমানের পাথর। বৃষ্টির মধ্যেই চলছে ঢালাইয়ের কাজ। সম্প্রতি সরেজমিন লুটপাটের মহাযজ্ঞের বাস্তব চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আরইউটিডি প্রজেক্টের আওতায় ১০ কোটি ১৯ লাখ টাকা চুক্তিমূল্যে সড়ক সংস্কারের কাজটি পেয়েছেন ঢাকার খিলগাঁও এলাকার এমএ ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মোস্তফা। কাজটি সাব কন্ট্রাক্ট নিয়েছে রাজশাহীর ভাটাপাড়া এলাকার ঠিকাদার আসাদুল ইসলামের এলিজা এন্টারপ্রাইজ। ১৯ ফেব্রুয়ারি চার হাজার ৯৮০ মিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়। এর মধ্যে রয়েছে এক হাজার ২০০ মিটার ড্রেন।

সরেজমিনে দেখা গেছে, গোদাগাড়ী মহল্লা থেকে শুরু হয়েছে সড়ক সংস্কার। ইতোমধ্যে শেষ হয়েছে ড্রেন নির্মাণ কাজ। স্থানীয় তাজিমুল ড্রেনের ঢালাইয়ে বাঁশের আঘাত দিতেই ওঠে যায় তিন নম্বর ইটের খোয়া। তিনি সড়কের পাশে স্তূপ করে রাখা নিমার্ণ কাজের পাথরের মধ্যে কয়েকটিতে ইটের সামান্য আঘাত দিলে সেগুলো ভেঙে যায়। স্থানীয়দের অভিযোগ, ঢালাইয়ে ব্যবহার হচ্ছে পদ্মা নদীর নিম্নমানের বালু।

গোদাগাড়ী মহল্লার শেষ প্রান্তে রয়েছে সেতু। যেটি চার মাস আগে ভেঙে ফেলা হয়েছে। এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সেতুটি পরেও ভাঙতে পারত। সেতুর পাশেই সপ্তাহে দুইদিন হাট বসে। রিকশা-ভ্যান না চলার কারণে হাটে আসা ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য মাথায় নিয়ে আসতে বাধ্য হচ্ছেন। পাশেই ভগবন্তপুর এলাকায় গিয়ে দেখা যায়, ঝুম বৃষ্টিতে চলছে ড্রেন ঢালাইয়ের কাজ। সেখানে উপস্থিত আরইউটিডি প্রজেক্টের উপসহকারী প্রকৌশলী হারেস শেখ বলেন, ‘ঢালাইয়ের জন্য আগেই বালু ও সিমেন্ট মেশানো হয়েছে। এ কারণে কাজটি করছি।’ আরেকটু দূরে দেখা যায়, ড্রেনের ভেতরে ঢালাইয়ের জন্য বালু ফেলা হচ্ছে। ছয় ইঞ্চি বালু দিয়ে ভরাট করার শর্ত থাকলেও, করা হচ্ছে চার ইঞ্চি।

সুলতানগঞ্জ এলাকায় দেখা গেছে, সড়ক রক্ষায় গাইডওয়াল দেওয়া হয়েছে। ওয়ালে তিন নম্বর ইট ব্যবহার করা হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে গাঙ্গোবাড়ির স্থানীয়রা দুই দফায় কাজ বন্ধ করে দেন। এলাকার বাসিন্দা আবু তালেব বলেন, আমরা কয়েক দফা পৌরসভায় অভিযোগ করেছি। তারপরেও ঠিকাদার অদৃশ্য শক্তির দাপটে কাজ অব্যাহত রেখেছেন।

অভিযোগ উঠেছে, সড়ক সংস্কারের লুটপাটের মহাযজ্ঞে ঠিকাদারকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল। মাঠ পর্যায়ে রয়েছেন-পৌরসভার উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক, আরইউটিডি প্রজেক্টের সহকারী প্রকৌশলী মামুনর রশিদ এবং হারেস শেখ।

প্রকৌশলী মুকুল বলেন, তিন নম্বর ইটের খোয়া ব্যবহারের অভিযোগ সঠিক নয়। অভিযোগের ব্যাপারে এলিজা এন্টারপ্রাইজের আসাদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে পানি পড়ে ইটের রং নষ্ট হয়ে গেছে। প্রকৌশলীদের সঙ্গে যোগসাজশে লুটপাটের অভিযোগ ভিত্তিহীন।

এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, আমি ঢাকায় আছি। রাজশাহী ফিরে খোঁজ নেব। অভিযোগের ব্যাপারে সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

ইউপি সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২ সিম, টাকা তুলতে গিয়ে আটক

ইউপি সদস্যের কাছে প্রতিবন্ধী ভাতার ১২ সিম, টাকা তুলতে গিয়ে আটক

আরও পড়ুন

ব্যয় ৩০০ কোটি টাকা সাত পৌরসভার মডেল ৭০টিতে সম্প্রসারণ

সাত পৌরসভার মডেল ৭০টিতে সম্প্রসারণ

ঝিনাইদহে ১১২৯ হেক্টর জমিতে চাষ কৃত্রিম আলোতে অফসিজনে ড্রাগন উৎপাদন

কৃত্রিম আলোতে অফসিজনে ড্রাগন উৎপাদন

কুমিল্লায় হুন্ডি রাসেলের রাজত্ব মাসে অর্ধশত কোটি টাকা ভারতে পাচার

মাসে অর্ধশত কোটি টাকা ভারতে পাচার

সার ডিলার নিয়োগে নীতিমালা উপেক্ষা তালিকায় নেতার স্ত্রী কন্যা শ্বশুর শ্যালক

তালিকায় নেতার স্ত্রী কন্যা শ্বশুর শ্যালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম