Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

হাত-পা বাঁধা প্রবাসীর লাশ ঝুলছিল গাছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাড়ির উঠানের গাছে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল রোকন আহমেদ জয় নামের এক যুবকের লাশ। বিষয়টি দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্বনয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সিঙ্গাপুর প্রবাসী জয় ওই গ্রামের ছাত্তার মিয়ার ছেলে। এদিকে, গাজীপুরের টঙ্গী ও কুমিল্লা নগরী থেকে আরও দুজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের একটি কোয়ার্টার থেকে গৃহবধূর কম্বলে মোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ভৈরব (কিশোরগঞ্জ) : নিহত প্রবাসী রোকনের বাবা ছাত্তার মিয়া বলেন, রোকন এক মাসে আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসে। রাতে একা রুমে থাকত। জানতে পারি, সোমবার রাত ২টার দিকে কেউ তাকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। আমরা তখন ঘুমে ছিলাম। মঙ্গলবার সকালে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় বাড়ির উঠানের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন, আমাদের কোনো শত্রু নেই। ধারণা করছি, দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সড়ক ও জনপথ স্টাফ কোয়ার্টারের একটি তালাবদ্ধ কক্ষ থেকে নিশি আক্তার (১৯) নামে এক গৃহবধূর কম্বলে মোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী সাগর পলাতক। মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিশি আক্তার চাঁদপুরের উত্তর মতলব উপজেলার মো. খোকনের মেয়ে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হামিদ জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে লাশ কম্বল দিয়ে প্যাঁচিয়ে ঘরে বাইরে থেকে তালা দিয়ে ঘাতক পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব (গাজীপুর) : টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম জয়কে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় তাকে হত্যা করা হয়। নিহতের মা শিউলি বেগম জানান, নানা বিষয় নিয়ে ব্যাংক মাঠ বস্তির মাদক সম্রাজ্ঞী লাকীর ছেলে হাসান ও হোসেনসহ আরও কয়েকজনের সঙ্গে জয়ের দ্বন্দ্ব ছিল। রাকিব নামে একজন ডেকে নিয়ে তারা কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, জয়ের নামে পূর্ব থানায় দস্যুতা, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে আটটি মামলা রয়েছে। খুনিদের গ্রেফতার করতে রেল পুলিশকে সহযোগিতা করছি। 

কুমিল্লা : সোমবার রাতে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটের ১ নম্বর সেকশনের ‘জনতা ব্যাংক’ ভবনের ক্যাপসুল লিফটের নিচ থেকে মো. কিরণ মিয়া নামের এক রং মিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার সুন্দর আলীর ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে দারোয়ান নিখোঁজ রয়েছেন। 

রেটজিটেক লিমিটেডের কর্মচারী রাজু বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার পর আমি ঘটনাস্থলে আসি। তখন ভবনের লোকজন কিরণ মিয়াকে খুঁজছিলেন। পরে লিফট খুললে নিচে লাশটি পাওয়া যায়। ভবনের মালিক খোরশেদ আলম বলেন, আমরা সারা দিন খুঁজেও তাকে পাইনি। পরে ধারণা করি, তিনি হয়তো এখানে থাকতে পারেন। এরপর লিফটের নিচে খোঁজ করে লাশ পাওয়া যায়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, কুমিল্লার দেবিদ্বারে তানজিনা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিজলীপাঞ্জার এলাকায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার নিহতের ভাই মো. ফারুক এ অভিযোগ করেন। নিহত তানজিলা মুরাদনগরের নবীপুর গ্রামের মো. মোসলেমের মেয়ে। তার তিনটি সন্তান রয়েছে। ২৩ সেপ্টেম্বরের ঘটনায় ২৫ সেপ্টেম্বর মামলা করা হয়। ঘটনাটি আগের হলেও গতকাল বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় স্বামী নাজমুল ও তার বাবা আমানুল্লাহকে অভিযুক্ত করা হয়েছে। দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।


Advertisement

Advertisement

আরও পড়ুন

তিন সরকারি মেডিকেলে গবেষণা দশজনে সাত প্রশিক্ষণার্থী চিকিৎসক অবসাদে

দশজনে সাত প্রশিক্ষণার্থী চিকিৎসক অবসাদে

লাল কেঁচোয় কৃষিতে বদল

লাল কেঁচোয় কৃষিতে বদল

হাত-পা বাঁধা প্রবাসীর লাশ ঝুলছিল গাছে

হাত-পা বাঁধা প্রবাসীর লাশ ঝুলছিল গাছে

বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার

বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম